শীতল আবহাওয়ার পূর্বাভাসে সামনের দিনগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে গত সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে জ্বালানি পণ্যটির দাম ছয় সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।
শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ১০ ডলার ১০ সেন্ট নির্ধারণ করা হয়েছে। এটি আগের সপ্তাহের ৯ ডলার ৫০ সেন্টের তুলনায় ৬ শতাংশ বেশি এবং ৫ ডিসেম্বরের পর সর্বোচ্চ।
এনার্জি অ্যাসপেক্টসের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট কেশর সুমিত বলেন, ‘উত্তর-পূর্ব এশিয়া ও ইউরোপজুড়ে তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। এতে বাজারে চাহিদা বাড়লেও সে অনুযায়ী সরবরাহ কম। এমন বাজার পরিস্থিতির প্রভাবে স্পট মার্কেটে এলএনজির দাম বেড়েছে।’
তিনি আরো বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২১ জানুয়ারি থেকে উত্তর-পূর্ব এশিয়ায় হিটিং ডিগ্রি ডে (এইচডিডি) ১০ বছরের গড়ের চেয়ে বেশি থাকবে এবং ২৩ জানুয়ারি তা স্বাভাবিকের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে।’
এইচডিডি মূলত গৃহ ও বাণিজ্যিক স্থাপনা তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় চাহিদা পরিমাপের সূচক, যা দৈনিক গড় তাপমাত্রা ৬৫ ডিগ্রি ফারেনহাইট বা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে কত ডিগ্রি নেমেছে তার ভিত্তিতে হিসাব করা হয়।
এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানিয়েছে, নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) আদর্শে উত্তর-পশ্চিম ইউরোপে ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য গত বৃহস্পতিবার প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১০ ডলার ৭৩ সেন্ট। এটি টিটিএফের (নেদারল্যান্ডসের একটি ভার্চুয়াল গ্যাস ট্রেডিং হাব) ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্যের তুলনায় ৫৯ সেন্ট কম।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউরোপজুড়ে শীতল আবহাওয়ার পূর্বাভাস এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ দ্রুত কমে আসায় সপ্তাহজুড়ে এলএনজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
একই কার্গোর দাম প্রতি এমএমবিটিইউয়ে ১০ ডলার ৭০ সেন্ট নির্ধারণ করেছে আর্গাস। আর স্পার্ক কমোডিটিজ তা নির্ধারণ করেছে এমএমবিটিইউয়ে ১০ ডলার ৭৫ সেন্ট।
আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘ইউরোপে মাসের শেষ দিকে ঠাণ্ডা তাপমাত্রা দেখা দিতে পারে। এ কারণে প্রথম প্রান্তিকে সরবরাহযোগ্য এলএনজির দাম দ্রুত বেড়েছে।’
তিনি আরো বলেন, ‘ উত্তর-পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে এশিয়ার তুলনায় ইউরোপে দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
এদিকে দ্রুতগতিতে প্রাকৃতিক গ্যাসের মজুদ ও তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার প্রতিক্রিয়ায় টিটিএফ ফিউচারসে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে দাম লং পজিশন বাড়িয়েছে। উল্লেখ্য, লং পজিশন হলো ভবিষ্যতে দাম বাড়বে এমন প্রত্যাশায় ক্রয়ের পরিমাণ বাড়ানো।
স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান বলেন, ‘আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় টানা সপ্তম সপ্তাহের মতো কমে দৈনিক ২৬ হাজার ২৫০ ডলারে নেমেছে। প্রশান্ত মহাসাগরীয় পথে তা কমে দাঁড়িয়েছে দৈনিক ৪১ হাজার ২৫০ ডলারে।’