ডিজিটাল উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে এমওইউ

ক্রেতার কাছে সরাসরি বিনামূল্যে পৌঁছাতে পারবেন ক্ষুদ্র ও মাঝারি পোশাক রফতানিকারক

বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বলেন, ‘আজকের বৈশ্বিক বাজারে প্রবৃদ্ধির জন্য ডিজিটাল উপস্থিতি অপরিহার্য। এ অংশীদারত্ব আমাদের সদস্যদের, বিশেষ করে এসএমই প্রতিষ্ঠানগুলোকে বিশ্বব্যাপী ক্রেতাদের সঙ্গে যুক্ত হতে এবং বাংলাদেশের পোশাক শিল্পের শক্তি প্রদর্শনে সহায়তা করবে।’

পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত কারখানা, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি আকারের রফতানিকারকদের ডিজিটাল উপস্থিতি বাড়িয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তাদেরকে সরাসরি বিনামূল্যে পৌঁছাতে সহায়তা করা হবে। এ লক্ষ্যে বিজিএমইএ এবং টেক্সটাইলপেজেস.কম এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, রোববার (১৫ জুন) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে সংগঠনের সদস্যরা বৈশ্বিক পোশাক শিল্পের জন্য শীর্ষস্থানীয় বিটুবি প্লাটফর্ম, টেক্সটাইলপেজেস.কম এর সুবিধাগুলো ব্যবহার করার সুযোগ পাবেন। এ উদ্যোগ ডিজিটাল রূপান্তর এবং বিশ্ববাসীর সামনে নিজেদের ডিজিটাল উপস্থিতি বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের রফতানি সম্ভাবনা বাড়ানোর বৃহত্তর লক্ষ্যকে সমর্থন করে।

বিজিএমইএ জানায়, সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর নব-নির্বাচিত বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য আসিফ আশরাফ ও আনম সাইফুদ্দিন।

বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন বলেন, ‘আজকের বৈশ্বিক বাজারে প্রবৃদ্ধির জন্য ডিজিটাল উপস্থিতি অপরিহার্য। এ অংশীদারত্ব আমাদের সদস্যদের, বিশেষ করে এসএমই প্রতিষ্ঠানগুলোকে বিশ্বব্যাপী ক্রেতাদের সঙ্গে যুক্ত হতে এবং বাংলাদেশের পোশাক শিল্পের শক্তি প্রদর্শনে সহায়তা করবে।’

টেক্সটাইলপেজেস.কম এর প্রতিষ্ঠাতা রহমান রব ভুঁইয়া বলেন, ‘বিজিএমইএ এবং এর সদস্যদের আন্তর্জাতিক অঙ্গনে ডিজিটাল উপস্থিতি বাড়াতে এবং বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতা করার জন্য প্রয়োজনীয় সংযোগ স্থাপনে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।’

আরও