উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার রিভলভিং পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের কৃষক, উদ্যোক্তা ও কৃষিভিত্তিক ব্যবসাগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন পাবেন।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন এসএমই বিজনেস সাপোর্ট প্রধান কাজী দিলরুবা আক্তার এবং এমএফআই ও এগ্রিকালচার ফাইন্যান্সের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার লিটন কুমার বিশ্বাস।

স্কিমটির আওতায় কৃষির পুরো সরবরাহ ব্যবস্থা অর্থায়নের সুযোগ পাবে। উৎপাদন ও সংরক্ষণ, পরিবহন ও বিপণন, অবকাঠামো, কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত এবং রফতানি—এ চার পর্যায়ে অর্থায়ন করা হবে। এর আওতায় শস্য, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি, কোল্ড চেইন, গুদাম, খাদ্য ও দুগ্ধ প্রক্রিয়াজাত এবং বীজ উৎপাদনসহ বিভিন্ন কৃষিভিত্তিক খাত অন্তর্ভুক্ত রয়েছে।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিম আমাদের কৃষি উদ্যোগগুলোকে আরো শক্তিশালী করতে সহায়তা করবে। একই সঙ্গে উৎপাদন থেকে চূড়ান্ত পণ্য বিক্রি পর্যন্ত পুরো সাপ্লাই চেইনে কৃষকদের সহজ অর্থায়নের সুযোগ দেবে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে।’

আরও