২০২৫ সাল

জার্মানিতে শূন্য প্রবৃদ্ধির পূর্বাভাস

চলতি বছরের জন্য জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে শূন্য শতাংশে নামিয়ে এনেছে জার্মান কাউন্সিল অব ইকোনমিক এক্সপার্টস (এসভিআর)।

চলতি বছরের জন্য জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে শূন্য শতাংশে নামিয়ে এনেছে জার্মান কাউন্সিল অব ইকোনমিক এক্সপার্টস (এসভিআর)। এর আগে দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সরকারি পরামর্শক সংস্থাটি। খবর আনাদোলু।

অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের এ বোর্ড ২০২৫-২৬ সময়ের জার্মান অর্থনীতির জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করেছে। এর আগে গত নভেম্বর সর্বশেষ পূর্বাভাস দিয়েছিলেন তারা।

চলতি বছরে শূন্য প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও আগামী বছর জার্মান অর্থনীতি ১ শতাংশ সম্প্রসারণ হবে বলে পূর্বাভাস দিয়েছেন এ অর্থনীতিবিদরা। তারা আশা করছেন, নতুন ৫০ হাজার কোটি ইউরোর অর্থনৈতিক প্যাকেজ নির্মাণ ও যন্ত্রপাতি বিনিয়োগ এবং সরকারি ব্যয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শূন্য প্রবৃদ্ধি প্রসঙ্গে বোর্ড বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি রফতানিনির্ভর জার্মান অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে। দেশীয় অন্যান্য চ্যালেঞ্জের কারণে জার্মান অর্থনীতিতে ধীর প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। যেমন অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা এবং দীর্ঘ অনুমোদন প্রক্রিয়ার কারণে কোম্পানিগুলোর খরচ অপ্রয়োজনীয়ভাবে বেড়ে যাচ্ছে।

এসভিআর আরো জানিয়েছে, বর্তমান বাণিজ্য নীতিগত অস্থিরতা, কার্বন নিঃসরণ কমানোর চলমান প্রচেষ্টা, বয়স্ক জনগোষ্ঠীর বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহার জার্মানিতে কাঠামোগত পরিবর্তনকে গতিশীল করবে।

তারা সতর্ক করে বলেছেন, শুল্কে হঠাৎ ও অনিশ্চিত হারে বৃদ্ধির কারণে জার্মান রফতানি কমতে পারে।

এসভিআর পূর্বাভাস দিয়েছে, ২০২৪ সালে জার্মানিতে গড় মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ২ শতাংশ, যা চলতি বছর কমে ২ দশমিক ১ এবং ২০২৬ সালে ২ শতাংশে নেমে আসবে।

অর্থনীতিবিদরা বলছেন, পূর্বাভাসকালীন জার্মান অর্থনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাব এবং জার্মান সরকারের আর্থিক প্যাকেজের কার্যকারিতার ওপর।

আরও