তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় রফতানি খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘রফতানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিমে’ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি একটি অংশগ্রহণ চুক্তিতে স্বাক্ষর করে। এ স্কিমের আওতায় রফতানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী সর্বোচ্চ অগ্রাধিকার ও বিশেষ উন্নয়ন খাতভুক্ত শিল্পে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়নের সুযোগ তৈরি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে পূবালী ব্যাংক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী। পূবালী ব্যাংকের পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা এবং আরএমজি বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দেশের রফতানি ভিত্তি সম্প্রসারণ, সম্ভাবনাময় রফতানিমুখী শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন রফতানি পণ্য ও বাজার সৃষ্টি এবং সংশ্লিষ্ট খাতের সক্ষমতা জোরদার করাই এ স্কিমের অন্যতম লক্ষ্য। রফতানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ ও ‘বিশেষ উন্নয়ন’ খাতভুক্ত শিল্পগুলো এ স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা পাবে। এক্ষেত্রে স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহারকারী রফতানিকারকদের অগ্রাধিকার দেয়া হবে।
এ স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে এবং যোগ্য রফতানিকারকরা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা নিতে পারবেন। এ পুনঃঅর্থায়নের মেয়াদ সর্বোচ্চ তিন বছর, এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ডের সুযোগ থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ স্কিমে অংশগ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংক দেশের সম্ভাবনাময় রফতানিমুখী শিল্পে সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণ এবং প্রচলিত খাতের বাইরে নতুন ও সম্ভাবনাময় রফতানি খাতের বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এ উদ্যোগ রফতানি বহুমুখীকরণ, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি, রফতানি প্রতিযোগিতা সক্ষমতা জোরদার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।