আর আগস্টের তৃতীয় সপ্তাহে এসে তা ৭৭২ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে সাপ্তাহিক লেনদেনের সংখ্যা ২১ লাখ ১৯ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে বাংলা কিউআরের ব্যবহার ও লেনদেনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৭-২৩ মে-তে বাংলা কিউআরে লেনদেন হয়েছিল ৬ লাখ ৮৪ হাজার ২১৩টি। এর বিপরীতে লেনদেনের পরিমাণ ছিল ১৯৬ কোটি ২৫ লাখ টাকা। পরের কয়েক সপ্তাহে লেনদেন কিছুটা কমলেও জুনের শেষ সপ্তাহ থেকে তা দ্রুত ঊর্ধ্বমুখী হয়। ২১-২৭ জুন লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৫৭ হাজার ৩৮৯ এবং মূল্য ২৪৮ কোটি ৪১ লাখ টাকায়।
জুলাইয়ে বাংলা কিউআর ব্যবহারে গতি আরো বৃদ্ধি পায়। ২৮ জুন-৪ জুলাই লেনদেন ১২ লাখ ৪৫ হাজারে উন্নীত হওয়ার পর ৫-১১ জুলাই ১২ লাখ ৯৫ হাজার, ১২-১৮ জুলাই ১৪ লাখ ১২ হাজার এবং ১৯-২৫ জুলাই ১৪ লাখ ৯৮ হাজারে ওঠে। একই সময়ে লেনদেনের মূল্য যথাক্রমে ২৬১ কোটি, ২৯৮ কোটি, ৩৩৭ কোটি ও ৩৫২ কোটি টাকা ছাড়ায়।
আগস্টে এসে প্রবৃদ্ধির গতি আরো তীব্র হয়। ২৬ জুলাই-১ আগস্ট বাংলা কিউআরে ১৬ লাখ ৯ হাজার ১২৫টি লেনদেনের বিপরীতে ৪১৬ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়। ২-৮ আগস্টে লেনদেনের পরিমাণ বেড়ে ৪৮৬ কোটি ৮৮ লাখ টাকা এবং লেনদেনের সংখ্যা ১৬ লাখ ৯২ হাজার ৯৯৪টিতে উন্নীত হয়। ৯-১৫ আগস্ট লেনদেন ১৮ লাখ ৯৭ হাজার ৮৬৬টি এবং মূল্য ৬৫২ কোটি ৮১ লাখ টাকা ছাড়িয়ে যায়।
সবশেষ ১৬-২২ আগস্ট বাংলা কিউআরে ২১ লাখ ১৯ হাজার ৩৩৯টি লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ৭৭২ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেনের মূল্য বেড়েছে প্রায় ১২০ কোটি টাকা বা ১৮ দশমিক ৩ শতাংশ। লেনদেনের সংখ্যাও বেড়েছে প্রায় ১১ দশমিক ৭ শতাংশ।
বাংলা কিউআরের ব্যবহার বাড়ার সবচেয়ে বড় চিত্রটি পাওয়া যায় মে ও আগস্টের তুলনায়। ১৭-২৩ মে ১৯৬ কোটি ২৫ লাখ টাকার লেনদেন থেকে ১৬-২২ আগস্টে তা ৭৭২ কোটি ৬৪ লাখ টাকায় উন্নীত হয়। অর্থাৎ ১৪ সপ্তাহের ব্যবধানে লেনদেনের মূল্য বেড়েছে প্রায় ২৯৪ শতাংশ। লেনদেনের সংখ্যাও ৬ লাখ ৮৪ হাজার থেকে বেড়ে ২১ লাখ ১৯ হাজারে দাঁড়ায়, যা প্রায় ২১০ শতাংশ বেশি।
সর্বশেষ আট সপ্তাহের তথ্য বিশ্লেষণ করলেও ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। ২৮ জুন-৪ জুলাই ২৬১ কোটি টাকার লেনদেন থেকে আট সপ্তাহের ব্যবধানে তা প্রায় তিন গুণে উন্নীত হয়েছে। একই সময়ে লেনদেনের সংখ্যা ১২ লাখ ৪৫ হাজার থেকে বেড়ে ২১ লাখ ১৯ হাজারে পৌঁছেছে।
বাংলা কিউআরে শুধু লেনদেনের সংখ্যা নয়, গড় মূল্যও বেড়েছে। মে’র তৃতীয় সপ্তাহে প্রতিটি লেনদেনের গড় মূল্য ছিল প্রায় ২ হাজার ৮৬৮ টাকা। ১৬-২২ আগস্ট গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ হাজার ৬৪৬ টাকা। অর্থাৎ এ সময়ের মধ্যে গড় লেনদেনের আকারও প্রায় ২৭ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ১৭ মে থেকে ২২ আগস্ট পর্যন্ত ১৪ সপ্তাহে বাংলা কিউআরে মোট লেনদেন হয়েছে প্রায় ৪ হাজার ৬৭৪ কোটি টাকা। ফলে সাম্প্রতিক ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী মাসগুলোয় এ প্লাটফর্মে দেশের খুচরা ডিজিটাল লেনদেনের বাজারে আরো গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে।