হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজ করতে আগ্রহী জাপানি কনসোর্টিয়াম (সুমিটোমো)। এজন্য দ্রুততম সময়ের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে গতকাল এক বৈঠকে এ তথ্য জানান তিনি।
এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) জন্য সফল আলোচনা এবং বিমানবন্দরের অবকাঠামো খাতে জাপানি কনসোর্টিয়ামের (সুমিটোমো) আগ্রহ আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরো গতিশীল ও মজবুত করবে।’
তিনি আরো জানান, ইপিএ চুক্তি জাপানের বাজারে বাংলাদেশী পণ্য রফতানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করবে।
জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘জাপানি কনসোর্টিয়াম (সুমিটোমো) বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের অপারেশনস ও মেইনটেন্যান্স কাজ করতে আগ্রহী।’ দ্রুততম সময়ে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজু এবং সুমিটোমো করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি জিএম হিরোনরি ইয়ামানাকা উপস্থিত ছিলেন।