কোরিয়ান প্রথম উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সিইপিএ সই ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বারোপ

বিশেষ করে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিকস, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, হাই-এন্ড তৈরি পোশাক, আইসিটি ও প্রযুক্তিনির্ভর খাতে কোরীয় বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে দ্রুত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষর, বাণিজ্য সম্প্রসারণ, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিকস, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, হাই-এন্ড তৈরি পোশাক, আইসিটি ও প্রযুক্তিনির্ভর খাতে কোরীয় বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সিউলে গতকাল দক্ষিণ কোরিয়ার প্রথম উপপররাষ্ট্রমন্ত্রী পার্ক ইউন-জু এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডু-হির সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পার্ক ইউন-জুর সঙ্গে বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশ-কোরিয়ার মধ্যে সিইপিএ স্বাক্ষরের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত চুক্তিটি সই হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশী পণ্যের জন্য কোরীয় বাজারে বৃহত্তর প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

কোরীয় বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিকস, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চ মূল্যের তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তির পাশাপাশি কৃষি, কৃষি প্রক্রিয়াকরণ, লজিস্টিকস, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন ও সেবা খাতের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। এসব খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে কোরীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশী দক্ষ ও অর্ধদক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কোরিয়ার সহযোগিতা চান হুমায়ুন কবির। জলবায়ু সহনশীলতা, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তিতেও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অন্যদিকে জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী লি ডু-হির সঙ্গে বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রম ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের একটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়ার কথা জানিয়ে সেখানে কোরীয় বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান হুমায়ুন কবির।

আরও