প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লোকসান থেকে মুনাফায় ফিরেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ১ টাকা ৩৬ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ১২ টাকা ৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৫৪ দশমিক ৭৩ শতাংশ। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৪ পয়সায়।
কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, কাঁচামাল সংগ্রহে মূল্যছাড় ও কার্যকর দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ব্যয় কমায় তৃতীয় প্রান্তিকে লোকসান থেকে মুনাফায় ফিরেছে বিডি ল্যাম্পস।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৪০ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস হয়েছিল ১ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ১২ পয়সায়।
বিডি ল্যাম্পসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা।