রাশিয়া-ইউক্রেন উত্তেজনা

আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত তীব্র হয়েছে। দুই দেশের এ ভূরাজনৈতিক উত্তেজনায় গতকাল আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত তীব্র হয়েছে। দুই দেশের এ ভূরাজনৈতিক উত্তেজনায় গতকাল আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের চাহিদা নিয়ে উদ্বেগ ও বৈশ্বিক উদ্বৃত্তের পূর্বাভাসে এখনো চাপে রয়েছে জ্বালানি তেলের বাজার। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৫৫ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭১ ডলার ৫৯ সেন্টে। মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গতকাল আগের দিনের তুলনায় বেড়েছে ৪৩ সেন্ট বা দশমিক ৬ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৭ ডলার ৪৫ সেন্টে।

এর আগে রোববার রাশিয়া তিন মাসের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা। এ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিয়েছে।

এ বিষয়ে আইজির মার্কেট অ্যানালিস্ট টনি সাইকামোর বলেন, ‘জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আঘাত করার অনুমতি দেয়ার বিষয়টি ভূরাজনৈতিক উত্তেজনা আরো বৃদ্ধি হিসেবে বিবেচিত হবে।’

এমএসটি মার্কুইয়ের এনার্জি অ্যানালিস্ট সল কেভোনিক বলেন, ‘এখন পর্যন্ত রাশিয়ার জ্বালানি তেল রফতানিতে বড় কোনো প্রভাব পড়েনি। তবে ইউক্রেন যদি রাশিয়ার জ্বালানি তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তাহলে পণ্যটির দাম আরো বাড়তে পারে।’

এদিকে চীনে গত মাসে অপরিশোধিত জ্বালানি তেলের উদ্বৃত্ত প্রায় অর্ধেক কমেছে। দেশটির সরকারি তথ্যানুযায়ী, অক্টোবরে দেশটির জ্বালানি তেলের উদ্বৃত্তের পরিমাণ ছিল দৈনিক গড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল, সেপ্টেম্বরে যা ছিল ৯ লাখ ৩০ হাজার ব্যারেল। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাধারণ পরিস্থিতিতে অপরিশোধিত জ্বালানি তেলের পরিমাণ কমে যাওয়াকে চাহিদা বৃদ্ধির লক্ষণ হিসেবে দেখা যেতে পারে। কিন্তু চীনের অর্থনৈতিক পরিস্থিতিসহ অন্যান্য কারণে দেশটিতে পণ্যটির চাহিদা নিম্নমুখীই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন। দেশটি সাধারণত মজুদকৃত জ্বালানি তেলের পরিমাণ প্রকাশ করে না। রয়টার্স দেশটির আমদানি ও অভ্যন্তরীণ উত্তোলন থেকে প্রাপ্ত মোট জ্বালানি তেল থেকে পরিশোধনকৃত জ্বালানি তেলের পরিমাণ বাদ দিয়ে উদ্বৃত্তের পরিমাণ প্রকাশ করেছে।

অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানি মিলিয়ে গত মাসে চীনে মোট জ্বালানি তেল সরবরাহের পরিমাণ ছিল দৈনিক গড়ে ১ কোটি ৪৫ লাখ ৭০ লাখ ব্যারেল, সেপ্টেম্বরে যা ছিল ১ কোটি ৫২ লাখ ২০ হাজার ব্যারেল।

অক্টোবরে চীন দৈনিক গড়ে ১ কোটি ৪০ লাখ ২০ হাজার ব্যারেল জ্বালানি তেল পরিশোধন করেছে। সেপ্টেম্বরে যা ছিল ১ কোটি ৪২ লাখ ৯০ হাজার ব্যারেল।

আরও