অ্যান্টা ও লি নিংয়ের কাছে চীনের বাজার হারাচ্ছে নাইকি

চীনের বাজারে কঠিন সময় পার করছে বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকি।

দীর্ঘদিনের ব্যবসায়িক ভুলভ্রান্তি, স্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা ও চীনা গ্রাহকদের ব্যয় সংকোচন নীতিসহ সব মিলিয়ে একসময়ের অপ্রতিরোধ্য মার্কিন প্রতিষ্ঠানটি এখন বড় ধরনের সংকটের মুখে। চীনের বাজারে স্থানীয় ব্র্যান্ড অ্যান্টা ও লি নিংয়ের উত্থানে নাইকি পিছিয়ে পড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

উত্তর আমেরিকার পর চীনই নাইকির দ্বিতীয় বৃহত্তম বাজার, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক আয়ের প্রায় ১৫ শতাংশ জোগান দেয়। ফলে এ বাজারে ঘুরে দাঁড়ানো এখন নাইকির জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

নাইকির গত ডিসেম্বরের তথ্যানুযায়ী, চীনের বাজারে কোম্পানির আয় ১৭ শতাংশ কমেছে। সব মিলিয়ে টানা ছয় প্রান্তিকজুড়ে দেশটিতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অগ্রগতি নিম্নমুখী রয়েছে।

নাইকির প্রধান নির্বাহী এলিয়ট হিল জানান, বিশ্বব্যাপী নাইকির ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চীনই হবে সবচেয়ে দীর্ঘ পথ। পরিস্থিতি মোকাবেলায় কোম্পানিটি ব্যবসায়িক কৌশলে বড় ধরনের পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে।

বাজার পর্যবেক্ষকদের মতে, চীনের বাজারে নাইকির পিছিয়ে পড়ার অন্যতম কারণ হলো স্থানীয় ব্র্যান্ড অ্যান্টা ও লি নিংয়ের জনপ্রিয়তা। স্থানীয় প্রতিষ্ঠান দুটি দক্ষ সাপ্লাই চেইন এবং বিশাল স্টোর নেটওয়ার্ক ব্যবহার করে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করছে। চীনের অভ্যন্তরীণ শহরগুলোয় নাইকির তুলনায় অনেক বেশি আধিপত্য বিস্তার করেছে এ দুই ব্র্যান্ড।

বিশ্লেষকরা বলছেন, কেবল বিদেশী ব্র্যান্ডের প্রতি অনীহা নয়, বরং ব্র্যান্ডের প্রিমিয়াম পজিশনিং বা পণ্যের উচ্চমূল্যের যথার্থতা প্রমাণ করতে না পারাই নাইকির পিছিয়ে পড়ার অন্যতম কারণ।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে নাইকির কাঁচামালের খরচ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও