ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (এসএমই) খাতের নারী উদ্যোক্তাদের নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ১ শতাংশ প্রণোদনা সুবিধা অব্যাহত রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নারী উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ আদায় বাড়াতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এ সুবিধার মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে পুনঃঅর্থায়ন স্কিম থেকে বিতরণ করা ঋণ বা বিনিয়োগের বিপরীতে এ প্রণোদনা সুবিধা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক এ স্কিমটি চালু করে। তখন নারী-পুরুষ উদ্যোক্তারা এ ঋণ নেয়ার অনুমতি পেয়েছিলেন। তবে এটি পরে শুধু নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারণ করা হয়। সর্বশেষ এ স্কিমের পরিমাণ দ্বিগুণ করে ৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়।
ক্ষুদ্র, অতিক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তারা এ প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন। পাশাপাশি ব্যাংকগুলো ঋণের বিপরীতে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। তবে শ্রেণীকৃত ঋণের বিপরীতে কোনো প্রণোদনা দেয়া যাবে না এমন শর্ত ছিল।
এতে আরো বলা হয়, প্রণোদনার পরিমাণ নির্ধারণের সময় সব নিয়মিত ঋণ, বিনিয়োগের পরিমাণ ও ব্যবহারের সময় বিবেচনায় নিতে হবে।