কর্মশালায় বিএবি চেয়ারম্যান

করদাতা ও সংগ্রহকারীর মধ্যে দূরত্ব কমানো গেলে কর ব্যবস্থাপনা আরো কার্যকর হবে

করদাতা ও সংগ্রহকারীদের মধ্যে দূরত্ব কমানো গেলে কর ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

করদাতা ও সংগ্রহকারীদের মধ্যে দূরত্ব কমানো গেলে কর ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

ঢাকায় বিসিআই বোর্ডরুমে গতকাল ‘কাস্টমস ও ভ্যাট-সংক্রান্ত আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

প্রধান অতিথির বক্তব্যে বিএবির চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ‘করদাতা ও সংগ্রহকারীদের মধ্যে এক ধরনের দূরত্ব বিরাজ করছে। এ দূরত্ব কমানো গেলে কর ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকর হবে। যেকোনো নীতি প্রণয়নের সময় বেসরকারি খাতকে সম্পৃক্ত করা জরুরি।’

কর্মশালায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, ‘বিসিআই নিয়মিতভাবে শিল্পায়ন, বৈদেশিক বাণিজ্য এবং ব্যবসাসংশ্লিষ্ট আইন ও নীতিমালার ওপর ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে।’

তিনি বলেন, ‘কাস্টমস ও ভ্যাট—এ দুটি বিষয়ে আমাদের জানার স্বল্পতা রয়েছে। এজন্য ব্যবসায়ীদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’ এসব সমস্যা দূরীকরণেই নিয়মিত এ ধরনের কর্মশালার আয়োজন করা দরকার বলেও মন্তব্য করেন বিসিআই সভাপতি।

কর্মশালার দ্বিতীয় পর্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কাস্টমস) মো. তারেক হাসান এবং দ্বিতীয় সচিব (ভ্যাট নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী কাস্টমস ও ভ্যাট-সংক্রান্ত আইন ও বিধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেয়া হয় এবং সবাইকে সার্টিফিকেট বিতরণ করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস) মো. তারেক হাসান, দ্বিতীয় সচিব (ভ্যাট নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন প্রমুখ। এ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আরও