সিটি ব্যাংক পিএলসির উদ্যোক্তা মোহাম্মদ শোয়েব ব্যাংকটির ৩৫ লাখ ১৬ হাজার ২৯টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে বর্তমানে ব্যাংকটির ৪ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৫৪১টি শেয়ার রয়েছে। ২৯ অক্টোবরের মধ্যে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬০ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৮ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৬৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৭ পয়সায়।
১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সিটি ব্যাংকের বর্তমানে অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৭৪৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭৪ কোটি ৯৪ লাখ ৫ হাজার ৩৮০। এর ৩০ দশমিক ৩৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৫৮, বিদেশী বিনিয়োগকারী ৮ দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪১ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে সিটি ব্যাংকের ইপিএস হয়েছে ৭ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩৯ পয়সায়।