জাপানে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মাইক্রোসফট জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা খাতের উন্নয়নে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

জাপানে ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে এটি মাইক্রোসফটের এ যাবৎকালের বৃহত্তম বিনিয়োগ। খবর রয়টার্স।

টোকিও সফরকালে মাইক্রোসফটের ভাইস চেয়ার ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এ বিশাল বিনিয়োগ পরিকল্পনার কথা জানান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো জাপানের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কৌশলগত লক্ষ্য ও অর্থনৈতিক উন্নয়নের ভাবনার সঙ্গে মিল রেখেই এ বিনিয়োগ করা হচ্ছে।

বিনিয়োগ পরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে জাপানের ১০ লাখ প্রকৌশলী ও ডেভেলপারকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশটির বিশাল জনশক্তিকে উন্নত এআই প্রযুক্তিতে দক্ষ করে তোলা হবে, যা বিশ্ববাজারে জাপানের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে।

জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক ও সাকুরা ইন্টারনেটের সঙ্গে যৌথভাবে কাজ করবে মাইক্রোসফট। ফলে জাপানের সরকারি ও বেসরকারি সংস্থাগুলো দেশের ভেতরই সংবেদনশীল তথ্য সংরক্ষণ করে মাইক্রোসফট আজুর সেবা ব্যবহারের সুযোগ পাবে। এতে করে তথ্যের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা সহজ হবে।

পাশাপাশি জাপানি কর্তৃপক্ষের সঙ্গে সাইবার অপরাধ দমনে কাজ করবে মাইক্রোসফট। উভয় পক্ষ সাইবার হুমকিসংক্রান্ত তথ্য আদান-প্রদান করবে। মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে জাপানে এআইয়ের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটির প্রতি পাঁচজন কর্মক্ষম মানুষের মধ্যে একজন জেনারেটিভ এআই ব্যবহার করছেন। এ নতুন বিনিয়োগের মাধ্যমে জাপান কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনে বিশ্বে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও