চীন নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার পর বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে তা নিয়ে উদ্বেগ অব্যাহত আছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এ কারণে গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ধাতব পণ্যের বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে গতকাল তামার দাম দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৩২৭ ডলারে।
এক ব্যবসায়ী বলেন, ‘বর্তমানে বাজারে প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা। এটি নিয়ে কিছুটা আশাবাদ আছে। তবে বাজারের মনোভাব দ্রুত পরিবর্তন হওয়ার আশঙ্কাও বেশি।’
অন্য ধাতুগুলোর মধ্যে গতকাল এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৪৩০ ডলার। প্রতি টন দস্তার দাম দশমিক ৭ শতাংশ কমে নেমে এসেছে ২ হাজার ৬২৮ ডলারে। এ সময় সিসার দাম ঊর্ধ্বমুখী হয়েছে দশমিক ১ শতাংশ।
প্রতি টনের মূল্য পৌঁছেছে ১ হাজার ৯৪৬ ডলারে। এলএমইতে গতকাল টিনের দাম দশমিক ৩ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৩১ হাজার ৮৭০ ডলারে। নিকেলের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি টনের মূল্য নেমেছে ১৫ হাজার ৫২০ ডলারে।