তিন প্রান্তিক

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল বেড়েছে

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) জীবন বীমা তহবিল বেড়েছে ১০৪ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) জীবন বীমা তহবিল বেড়েছে ১০৪ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৮৯৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকায়, আগের হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে যা ছিল ৭৯১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা দাবিসহ মোট আয় হয়েছে ৯১ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯৮ কোটি ৫৬ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সোনালী লাইফের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনালী লাইফের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে মোট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৩ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ও ২ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনলী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭৫ লাখ। এর ৫৪ দশমিক ৮৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৭৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৯ দশমিক ৩৭ শতাংশ শেয়ার রয়েছে।

আরও