মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের জেরে বিশ্ববাজারে তামার দরপতন

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ফের বাড়ায় বিশ্ববাজারে তামার দাম কমেছে।

এ সংঘাতের কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে শিল্প খাতে ব্যবহৃত এ ধাতুর ভবিষ্যৎ চাহিদার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে এক সপ্তাহের ব্যবধানে দরপতন হয়েছে তামার। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার চুক্তি মূল্য ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি টন ১৩ হাজার ৪১৯ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে। গত বৃহস্পতিবার এ ধাতুর দাম দশমিক ১ শতাংশ বেড়েছিল। বিদ্যুৎ, নির্মাণ ও উৎপাদন খাতের অন্যতম প্রধান উপাদান তামার দাম সাপ্তাহিক হিসাবে প্রায় দশমিক ৫ শতাংশ কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ চড়া দামের কারণে ধাতু উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জ্বালানি ও পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে।

অন্যদিকে পারস্য উপসাগরে নতুন করে হামলা এবং সেমিকন্ডাক্টর চিপের শেয়ারে বড় ধরনের পতনের কারণে মার্কিন শেয়ারবাজারে ধস নেমেছে। এর পাশাপাশি চীনের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরো জোরালো হয়েছে। ফলে বিশ্ব পণ্যবাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারেও কমেক্স তামার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি পাউন্ড ৬ ডলার ২২ সেন্টে নেমে এসেছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে পরিশোধিত তামা আমদানির ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। গবেষণা প্রতিষ্ঠান ফিচ সলিউশনসের অঙ্গপ্রতিষ্ঠান বিএমআই জানিয়েছে, আগামী মাসগুলোয়ও শিল্প খাতে ধীর চাহিদার কারণে তামার দাম নিম্নমুখী থাকতে পারে।

তামার পাশাপাশি বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দাম ১ শতাংশ, দস্তার দাম ১ দশমিক ৬ ও টিনের দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে।

আরও