সাত মাসের মধ্যে সর্বনিম্ন পিএমআই মান এপ্রিলে

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অনেকটাই স্থবির হয়ে পড়েছিল দেশের অর্থনীতি।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অনেকটাই স্থবির হয়ে পড়েছিল দেশের অর্থনীতি। সে সময় অর্থনীতির গতিপ্রকৃতি বোঝার অন্যতম সূচক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়। এক পর্যায়ে গণ-অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে অর্থনৈতিক পরিস্থিতি। এরপর চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ ৬৫ দশমিক ৭-এ পৌঁছায় পিএমআই মান। তবে এরপর আবারো কমতে শুরু করে। সবশেষ এপ্রিলে পিএমআই দাঁড়িয়েছে ৫২ দশমিক ৯ পয়েন্টে, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে গতকাল এ সূচক প্রকাশ করেছে।

সাধারণত দেশের অর্থনীতির প্রধান চারটি খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ওপর জরিপ চালিয়ে পিএমআই প্রতিবেদন তৈরি করা হয়। ১০০-এর মধ্যে পরিমাপ করা পিএমআই মান ৫০-এর কম হলে সংকোচন এবং বেশি হলে অর্থনীতি সম্প্রসারণের ধারায় রয়েছে বলে বোঝানো হয়।

গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার ইঙ্গিত দেয় পিএমআই। তখন এর মান দাঁড়ায় ৩৬ দশমিক ৯ পয়েন্টে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হতে শুরু করে। টানা তিন মাস ধরে সংকোচনের ধারায় চলার পর অক্টোবর মাসে প্রথম সম্প্রসারণের ধারায় ফিরে দেশের অর্থনীতি। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ ৬৫ দশমিক ৭-এ পৌঁছানোর পর আবারো কমতে থাকে পিএমআই মান। সবশেষ এপ্রিলে আগের মাসের তুলনায় ৮ দশমিক ৮ পয়েন্ট কমে ৫২ দশমিক ৯-এ দাঁড়িয়েছে। তবে পয়েন্ট কমলেও পিএমআই সংজ্ঞা অনুযায়ী এখনো সম্প্রসারণের ধারায় রয়েছে দেশের অর্থনীতি। এক্ষেত্রে ধীরগতির সম্প্রসারণ হচ্ছে বলে দাবি করছে পিএমআই সংশ্লিষ্টরা।

এপ্রিলে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে উল্লেখযোগ্য হারে কমেছে পিএমআই মান। শুধু কৃষি খাতে আগের মাসের তুলনায় ৪ দশমিক ৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বিপরীতে উৎপাদন খাতে কমেছে ১২ দশমিক ৫ পয়েন্ট, নির্মাণ ও সেবায় কমেছে যথাক্রমে ২ দশমিক ৩ ও ১১ পয়েন্ট।

পিএমআই মান কমার পেছনে ট্রাম্পের শুল্কারোপ ও ঈদুল ফিতরের ছুটিকে কারণ হিসেবে দেখছেন পিএমআই প্রস্ততকারক সংস্থা পিইবির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাসরুর রিয়াজ। তিনি বলেন, ‘সাম্প্রতিক পিএমআই সূচক দেশের প্রধান অর্থনৈতিক খাতগুলো সম্প্রসারণ ধারায় চলার ইঙ্গিত দিলেও তা ধীরগতিতে হচ্ছে। গত অক্টোবরে সম্প্রসারণ ধারা শুরু হলেও এপ্রিলে সর্বনিম্ন পয়েন্ট নির্দেশ করছে দেশের অর্থনীতি।’ দীর্ঘ ছুটির কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, পোশাক খাতে ট্রাম্পের শুল্কের প্রাথমিক প্রভাব এবং জ্বালানি সরবরাহ সমস্যাই এ ধীরগতির সম্ভাব্য কারণ বলে জানান তিনি।

আরও