মূল্য পরিশোধে নতুন নিয়ম

আমদানি বিলে যৌক্তিক ত্রুটি থাকলে মিলবে ছাড়

আমদানি মূল্য পরিশোধের নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

আমদানি মূল্য পরিশোধের নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে যৌক্তিক ত্রুটি থাকলে ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে মূল্য পরিশোধের সুযোগ থাকবে। এতে বিদেশী সরবরাহকারীদের অর্থ পেতে আর বিলম্ব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক সংশ্লিষ্ট ত্রুটি গ্রহণের বিষয়ে যৌক্তিক কারণ দর্শাতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে গতকাল এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, আমদানিকারকদের সম্মতিতে যৌক্তিক ত্রুটিসম্পন্ন বিল গ্রহণ করতে পারবে ব্যাংকগুলো। সেই বিলের বিপরীতে পণ্যে কোনো পরিবর্তন না হলে অর্থ পরিশোধের সুযোগ থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, আমদানিকারকদের মাধ্যমে প্রাপ্ত আমদানি বিলের বিপরীতে ডেলিভারি অর্ডার প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ধরনের ডেলিভারি অর্ডার প্রদানের সময় ব্যাংকগুলোকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে মূল দলিলে কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতির প্রশ্ন না ওঠে।

এর আগে কাস্টমস কর্তৃপক্ষ থেকে পণ্য খালাসের পর বিল অব এন্ট্রি দাখিল সাপেক্ষে ত্রুটিপূর্ণ আমদানি বিল কিংবা আমদানিকারক কর্তৃক সরাসরি প্রাপ্ত বিলের বিপরীতে মূল্য পরিশোধ করা যেত। এতে পণ্য খালাসে দেরি হতো এবং বিদেশী সরবরাহকারীদের অর্থ পেতে অপেক্ষা করতে হতো। এখন নিয়ম সহজ হওয়ায় তারা সময়মতো মূল্য পাবেন, ঝুঁকিও কমবে।

জানা গেছে, অনেক ব্যাংক ত্রুটিপূর্ণ বিল দেখিয়ে বিদেশী ব্যাংককে আমদানি বিল পরিশোধ থেকে বিরত থাকছে। এর ফলে বিদেশী ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলোর বাণিজ্যিক সম্পর্ক খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে আমদানি মূল্য পরিশোধে যেন উত্তম চর্চা অনুসরণ করা হয়, দেশের ব্যাংকগুলোকে তা মানতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও