গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আগের তিন প্রান্তকের তুলনায় বেশি খরচ করেছে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ডের গ্রাহকরা। এতে বিশেষ ভূমিকা রেখেছে মিলেনিয়াল ও জেন-জি ব্যবহারকারীরা। সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা ক্রিস্টোফ লে কায়েক। খবর সিএনবিসি।
এ কর্মকর্তা জানান, ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে অ্যামেক্স কার্ডে খরচের হার আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। বছরের শুরুর দিকে প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে ৬ শতাংশে নেমে আসে।
বছরের শেষ দিকে সব শ্রেণীর গ্রাহক ও অঞ্চলজুড়ে অ্যামেক্স কার্ডের ব্যবহার বেড়েছে। তবে এ সময় উল্লেখযোগ্য পরিমাণে খরচ বাড়িয়েছে মিলেনিয়াল ও জেন-জি গ্রাহকরা। তাদের লেনদেনের পরিমাণ চতুর্থ প্রান্তিকে বেড়েছে ১৬ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ১২ শতাংশ।
তবে বয়স্করা কার্ড ব্যবহারে কিছুটা সংযত ছিল। জেন এক্স গ্রাহকরা চতুর্থ প্রান্তিকে ৭ শতাংশের বেশি খরচ করেছেন, তবে বেবি বুমারদের ক্ষেত্রে প্রবৃদ্ধির এ হার ৪ শতাংশ।
ক্রিস্টোফ লে কায়েক বলেন, ‘আমরা জেন-জি ও মিলেনিয়াল প্রজন্মে শক্তিশালী প্রবৃদ্ধি পেয়েছি। এ ২ শতাংশীয় পয়েন্টে প্রবৃদ্ধি আমাদের ২০২৫ সালের জন্য অনেক আশাবাদী করে তুলেছে।’