ক্রয়সংক্রান্ত কমিটির সভায় সিদ্ধান্ত

পাঁচ দেশ থেকে চিনি সয়াবিন তেল, চাল ও সার কিনবে সরকার

তুরস্ক থেকে চিনি, সংযুক্ত আরব আমিরাত থেকে সয়াবিন তেল, সিঙ্গাপুর থেকে সেদ্ধ চাল এবং সৌদি আরব ও মরক্কো থেকে সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তুরস্ক থেকে চিনি, সংযুক্ত আরব আমিরাত থেকে সয়াবিন তেল, সিঙ্গাপুর থেকে সেদ্ধ চাল এবং সৌদি আরব ও মরক্কো থেকে সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৯৮ কোটি ৭ লাখ ১৭ হাজার ৪৭০ টাকা। সচিবালয়ে গতকাল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি কেনার প্রস্তাব উত্থাপন করা হলে তাতে সম্মতি দেয়া হয়। তুরস্কের প্রতিষ্ঠানের কাছ থেকে এ চিনি কিনতে ব্যয় হবে ৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৪ টাকা ৯৪ পয়সা। দরপত্রের প্রস্তাব অনুসারে ব্রাজিল, ভারত কিংবা দুবাই উৎস থেকে এ চিনি আনা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৪ টাকা ২১ পয়সা। দরপত্রের প্রস্তাব অনুসারে ব্রাজিল উৎস থেকে এ তেল আমদানি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ২১৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। প্রতি টন চালের দাম পড়বে ৩৫৫ দশমিক ৫৯ ডলার।

রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার ক্রয়ে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এতে ব্যয় হবে ৩৪৮ কোটি ৪২ লাখ ২৮ হাজার ৯৬০ টাকা। প্রতি টনে মূল্য ধরা হয়েছে ৭০৯ দশমিক ৩৩ ডলার।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৯৫ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৩৬০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৯ দশমিক ১৬ ডলার।

এছাড়া অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় চারটি সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে।

এর মধ্যে নিলামে কেনা পাঁচ বছরের বেশি পুরনো গাড়ি ছাড়, গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে পিপিপি মডেলে ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপন ও আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড কর্তৃক স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহের জন্য জমা দেয়া প্রস্তাবটি পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা অনুসারে জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণে নীতিগত অনুমোদন দেয়া হয়।

এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) ‘‌এস্টাবলিশমেন্ট অ্যান্ড অপারেশন অব লালদিয়া কনটেইনার টার্মিনাল অ্যাট চিটাগং পোর্ট থ্রে পিপিপি মডেল’ শীর্ষক জিটুজি প্রকল্পটি ৪৮ বছর মেয়াদে ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফারের ভিত্তিতে পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালস ও সিপিএর মধ্যে স্বাক্ষরিতব্য কনসেশন এগ্রিমেন্টে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিটি।

আরও