ইউআইইউতে পোস্ট-বাজেট আলোচনা

বাজেটের সঠিক ব্যবহার ও বাস্তবায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি সম্ভব

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে ‘পোস্ট বাজেট ২০২৬-২৭’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এ আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাজেটের সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত, প্রত্যাশা ও নতুন নতুন চিন্তাধারা তুলে ধরেন। তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও নীতিগত সুপারিশ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে। মূল আলোচনা পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল বায়েস জাতীয় বাজেটকে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাজেটের সঠিক ব্যবহার ও বাস্তবায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষ ও সমাজ কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।’ বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার ড. মো. নুরুল আমিন বলেন, ‘কর ব্যবস্থাকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও করদাতাবান্ধব করে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।’ তিনি কর প্রদানে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় কর প্রদানের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উপদেষ্টা প্রফেসর এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, ‘জাতীয় বাজেট নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের আলোচনা শিক্ষার্থীদের অর্থনৈতিক বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী বিষয়ে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউর অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর এম ওমর ফারুক, ইউআইইউ বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর সালমা করিম প্রমুখ।

আরও