চীনে টেসলার নতুন আকর্ষণ মডেল থ্রি প্লাস

ভারতে সম্প্রতি মডেল ওয়াই উন্মোচন করেছে টেসলা। ধারণা করা হচ্ছে, একই বাজারে বছরের শেষ নাগাদ আসবে মডেল থ্রি।

ভারতে সম্প্রতি মডেল ওয়াই উন্মোচন করেছে টেসলা। ধারণা করা হচ্ছে, একই বাজারে বছরের শেষ নাগাদ আসবে মডেল থ্রি। নতুন খবর হলো বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) মডেল থ্রির উন্নত একটি সংস্করণ চীনের বাজারে আনতে যাচ্ছে টেসলা। এরই মধ্যে মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি) বরাবর মডেল থ্রির নতুন একটি সংস্করণ বিক্রির লাইসেন্সের আবেদন করেছে। নতুন এ সংস্করণ আগের তুলনায় বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম, যার নাম মডেল থ্রি প্লাস। এমআইআইটি সম্প্রতি তাদের ক্যাটালগে গাড়িটি অন্তর্ভুক্ত করেছে। এ ক্যাটালগের ওপর জনমত গ্রহণের সময়সীমা ১৭-২৩ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ক্যাটালগে অন্তর্ভুক্তি মানে চীনে যেকোনো গাড়ি বিক্রির জন্য চূড়ান্ত নিয়ন্ত্রক পদক্ষেপ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টেসলা সেপ্টেম্বর নাগাদ নতুন এ সংস্করণ বাজারে আনতে পারে। এটি হবে টেসলার সবচেয়ে দীর্ঘ রেঞ্জের মডেল। যার সম্ভাব্য দাম ২ লাখ ৭০ হাজার ইউয়ান বা ৩৭ হাজার ৬১৫ ডলারের সমতুল্য। ২০১৯ সালের আগস্টে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করে মডেল থ্রির লং-রেঞ্জ রিয়ার-হুইল-ড্রাইভ (আরডব্লিউডি) সংস্করণ চীনে বন্ধ করে দিয়েছিল টেসলা। যার সর্বোচ্চ রেঞ্জ ছিল ৬০০ কিলোমিটারেরও বেশি। নতুন মডেল থ্রি প্লাসে রিয়ার অ্যাকসেলে একটি মাত্র মোটর থাকবে। তবে এটি এলজি এনার্জি সলিউশনসের তৈরি একটি ব্যয়বহুল টারনারি এনএমসি ব্যাটারির মাধ্যমে চলবে। একই ব্যাটারি এডব্লিউডি লং-রেঞ্জ ও পারফরম্যান্স সংস্করণে ব্যবহার হয়। বর্তমানে টেসলা চীনে মডেল থ্রির তিনটি সংস্করণ বিক্রি করছে। এগুলো হলো আরডব্লিউডি, লং-রেঞ্জ এডব্লিউডি ও পারফরম্যান্স এডব্লিউডি। নতুন এ ব্যাটারি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয়নি টেসলা। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এটি হতে পারে সেই ৭৮ দশমিক ৪ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারি, যা বর্তমানে এডব্লিউডি সংস্করণে ব্যবহার হচ্ছে। ফলে চীনে লং-রেঞ্জ আরডব্লিউডি মডেল থ্রি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। মডেল থ্রি প্লাসের ওজন হবে ১ হাজার ৭৬০ কেজি এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

আরও