চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জার্মান কনটেইনার শিপিং প্রতিষ্ঠান হাপাগ-লয়েডের নিট মুনাফা ৫০ শতাংশ কমে ৮৪ কোটি ৬০ লাখ ইউরো বা ৯৮ কোটি ৬৬ লাখ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী কনটেইনার শিপিং বাজারের অস্থিরতা ও খরচ বাড়ার কারণে প্রতিষ্ঠানটি পূর্ণ বছরের আয়ের পূর্বাভাসও কমিয়েছে। খবর রয়টার্স।
চলতি বছরের জন্য সুদ ও কর-পূর্ব আয়ের (ইবিআইটি) পূর্বাভাস কমিয়ে ১০০ কোটি ইউরো পর্যন্ত প্রাক্কলন করেছে হাপাগ-লয়েড। এর আগে আগস্টে সর্বোচ্চ পূর্বাভাস ছিল ১১০ কোটি ইউরো। পাশাপাশি ২০৪৫ সালের মধ্যে জলবায়ু নিরপেক্ষ শিপিং কার্যক্রম নিশ্চিত করতে কোম্পানিটি নতুন ২২টি ছোট জাহাজ কেনারও ঘোষণা দিয়েছে।
কনটেইনার শিপিং কোম্পানিটির প্রধান নির্বাহী রলফ হ্যাবেন জনসেন বলেন, ‘হাপাগ-লয়েড বিশ্ব বাণিজ্যের পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেবে এবং খরচে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখবে।’
তিনি আরো জানান, প্রতিদ্বন্দ্বী মায়েরস্কের সঙ্গে নতুন অংশীদারত্বের কারণে প্রতিষ্ঠানটি এরই মধ্যে কিছুটা খরচ কমাতে পেরেছে। তবে লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকি ও মার্কিন বাণিজ্যনীতিতে বারবার পরিবর্তন শিপিং খাতকে প্রভাবিত করছে। ফলে পণ্য পরিবহনের চাহিদা স্থির হচ্ছে না এবং ভাড়া ওঠানামা করছে।
হাপাগ-লয়েডের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ইবিআইটি ৫৫ শতাংশ কমে ৮০ কোটি ৯০ লাখ ইউরো হয়েছে। খরচ বাড়ার কারণে সুদ ও কর পরিশোধ-পূর্ব আয়ে এ পতন ঘটেছে বলে জানিয়েছে কোম্পানিটি। প্রতি টিইইউতে (২০ ফুট সমতুল্য কনটেইনার ইউনিট) গড় ভাড়া ৪ দশমিক ৮ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৩৯৭ ডলার।
এদিকে মায়েরস্ক তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল প্রকাশ করেছে। তবে কোম্পানিটি চলতি প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ভাড়া বা ফ্রেইট রেট কমার আশঙ্কা সম্পর্কে সতর্কও করেছে।