বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিন।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের শেয়ারহোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি।
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২০২৫ অর্থবছরে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা আয় করেছে। যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি। একইসঙ্গে বিমানের অপারেশনাল মুনাফা হয়েছে ১ হাজার ৬০২ কোটি টাকা আর নিট মুনাফা ৭৮৫ দশমিক ২১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। এ নিয়ে টানা পঞ্চম বারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর সবশেষ১০ অর্থবছরে ৯ বারই নিট মুনাফা অর্জন করেছে।
২০২৪-২০২৫ অর্থবছরে ২১ টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০ টি গন্তব্যে সর্বমোট ৩৩ দশমিক ৮৩ লক্ষ যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও ৪৩ হাজার ৯১৮ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় ৪৫ দশমিক ২১ শতাংশ বেশি।
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। বিগত ৫৪ বছরে বিমান সরকার থেকে কোন প্রকার ভর্তুকি গ্রহণ করেনি। ২০২৫ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়েছে।