জুলাই-সেপ্টেম্বর

সৌদি আরবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পদ বেড়েছে ৩৬%

সৌদি আরবে ২০২৫ পঞ্জিকাবর্ষের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডগুলোর (পিআইএফ) সম্পদ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৬ শতাংশ।

সৌদি আরবে ২০২৫ পঞ্জিকাবর্ষের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডগুলোর (পিআইএফ) সম্পদ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৬ শতাংশ। দেশটির সরকারি তথ্যানুযায়ী, এ সময় এসব তহবিলের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৭৯০ কোটি রিয়ালে (৫ হাজার ৮১০ কোটি ডলার)। খবর আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার তথ্যানুযায়ী, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় তৃতীয় প্রান্তিকে সম্পদের মূল্য বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। বিশ্বব্যাপী উচ্চ সুদহার পরিস্থিতির মধ্যেও নির্দিষ্ট আয়ের উৎসে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এতে সৌদি আরবের পুঁজিবাজার সাম্প্রতিক বছরগুলোয় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

এ সময় সৌদি আরবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯০ হাজারে। এটি গত বছরের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। মোট সম্পদের ৮৬ শতাংশই এসেছে স্থানীয় তহবিলগুলো থেকে। স্থানীয় তহবিলের সম্পদ ৩৯ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬৯০ কোটি রিয়ালে পৌঁছেছে। অন্যদিকে বিদেশী তহবিলের সম্পদের পরিমাণ ২১ শতাংশ বেড়ে ৩ হাজার ১১০ কোটি রিয়াল হয়েছে।

সৌদি আরবে বর্তমানে সরকারি বিনিয়োগ তহবিলের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৬টি। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে এ সংখ্যা ছিল ৩১০টি। এক বছরের ব্যবধানে তহবিলের সংখ্যা বেড়েছে ১১ দশমিক ৬ শতাংশ। এসব সম্পদ মূলত শেয়ারবাজার, বন্ড, নগদ অর্থ ও আবাসনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় মানি মার্কেট ফান্ডে সবচেয়ে বেশি ৭ হাজার ৫৬০ কোটি রিয়াল বিনিয়োগ করা হয়েছে। এছাড়া স্থানীয় শেয়ারবাজারে ৪ হাজার ৬৬০ কোটি এবং আবাসন খাতে ২ হাজার ৮৯০ কোটি রিয়াল বিনিয়োগ রয়েছে।

পুঁজিবাজারকে আরো শক্তিশালী করতে চলতি মাসের শুরুতে সৌদি আরব সব বিদেশী বিনিয়োগকারীর জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। নতুন এ উদ্যোগের ফলে বিদেশী বিনিয়োগকারীদের ওপর থাকা আগের অনেক বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। বিশেষ করে ৫০ কোটি ডলারের সম্পদ পরিচালনার বাধ্যবাধকতা এবং নির্দিষ্ট কিছু চুক্তি বা সোয়াপ এগ্রিমেন্টের নিয়ম বাতিল করা হচ্ছে।

আরও