জাপানে চালের দাম কিছুটা কমেছে

খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি মজুদ থেকে বাজারে চাল সরবরাহ করছে জাপান।

খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি মজুদ থেকে বাজারে চাল সরবরাহ করছে জাপান। এর প্রভাবে দেশটির খুচরা বাজারে খাদ্যশস্যটির গড় মূল্য চার মাসের মধ্যে প্রথমবারের মতো ৪ হাজার ইয়েনের নিচে নেমে এসেছে। জাপানের কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ জুন শেষ হওয়া সপ্তাহে প্রতি পাঁচ কেজি চালের সুপারমার্কেট মূল্য ৬ দশমিক ১ শতাংশ কমে ৩ হাজার ৯২০ ইয়েনে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা চার সপ্তাহ দাম কমলো পণ্যটির। জাপানের বাজারে চালের দাম এখন ফেব্রুয়ারির পর সর্বনিম্নে।

জাপানে ২০২৩ সালে তীব্র গরমে খারাপ মানের ফসল হওয়ায় চালের সরবরাহ ঘাটতি দেখা দেয়। ফলে গত বছরের তুলনায় জাপানে খাদ্যশস্যটির দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবেলায় গত মাসে দেশটির নতুন কৃষিমন্ত্রী জরুরি মজুদ থেকে চাল নিলামের মাধ্যমে বিতরণের ব্যবস্থা বাতিল করে খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি চুক্তির ভিত্তিতে সরবরাহ শুরু করেন যেন ভোক্তারা পাঁচ কেজির প্যাকেট ২ হাজার ইয়েন দামে কিনতে পারেন।

আরও