গত সপ্তাহেও মিশ্র প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক ঝুঁকি ও দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক পণ্যবাজারে।

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক ঝুঁকি ও দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক পণ্যবাজারে। গত সপ্তাহেও দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) পূর্বাভাসের সঙ্গে সংগতি রেখে বেড়েছে। গত সপ্তাহে সিপিআই মাসিকভিত্তিতে দশমিক ৩ শতাংশ ও বার্ষিকভিত্তিতে ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে বলে জানা গেছে। অন্যদিকে দেশটির উৎপাদক মূল্য সূচক (পিপিআই) মাসিকভিত্তিতে দশমিক ৪ শতাংশ ও বার্ষিকভিত্তিতে ৩ শতাংশ বেড়েছে। একই সময় ডলার সূচক প্রায় ১ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৯-এ পৌঁছেছে। তবে সিপিআই ও পিপিআই বাড়া সত্ত্বেও ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রক্রিয়া ধীর হওয়ার আশঙ্কা বাড়ছে।

চীনের বার্ষিক সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্স (সিইডব্লিউসি) গত সপ্তাহে শেষ হয়েছে। চীনের কর্মকর্তারা বলছেন, দেশের অর্থনীতির ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

স্বর্ণের বাজার নিয়ে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, ফেডের সুদহার কমানোর প্রত্যাশা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়ের প্রবণতা বাড়ছে। ফলে ডলারের বিনিময় হার বাড়লেও ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম ৩ হাজার ডলার অতিক্রম করতে পারে।

এদিকে গত সপ্তাহে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। একই সময় সিসার দাম ২ দশমিক ৫ শতাংশ, নিকেল দশমিক ৮ শতাংশ ও দস্তার দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছে। তবে তামার দাম স্থিতিশীল ছিল।

আন্তর্জাতিক এনার্জি এজেন্সি (আইইএ) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি তেলের উৎপাদন নভেম্বরে মাস ভিত্তিতে ১ লাখ ৩০ হাজার ব্যারেল বেড়ে ১০ কোটি ৩৪ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। এ সময় ওপেকভুক্ত দেশগুলোর অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ ১ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়ে ২ কোটি ৭২ লাখ ব্যারেল হয়েছে।

গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে এবং প্রাকৃতিক গ্যাসের দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এদিকে রাশিয়া জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতা ও মূল্য পরিশোধে বিলম্বের কারণে সিরিয়ায় গম রফতানি বন্ধ করে দিয়েছে দেশটি।

গ্রেইন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া তাদের গম উৎপাদনের পূর্বাভাস ৫ শতাংশ বাড়িয়েছে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, বিশ্বব্যাপী চাল উৎপাদন ৩৩ লাখ ৭০ হাজার টন বেড়ে ৫৩ কোটি ৩৮ লাখ টনে পৌঁছেছে। সমাপনী মজুদ ৪ লাখ ৬০ হাজার টন বেড়ে ১৮ কোটি ২৬ লাখ টনে পৌঁছেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) চাল উৎপাদনের পূর্বাভাস এক লাখ টন কমিয়ে ৫৩ কোটি ৮৮ লাখ টনে নামিয়ে এনেছে। সমাপনী মজুদের পূর্বাভাসও নয় লাখ টন কমিয়ে ২০ কোটি ৪৫ লাখ টনে নামিয়ে এনেছে। গত সপ্তাহে গমের দাম প্রতি পাউন্ডে দশমিক ৯ শতাংশ কমেছে। তবে সয়াবিন ও চালের দাম বেড়েছে যথাক্রমে দশমিক ২ ও ৫ শতাংশ।

উল্লেখ্য, রাজনৈতিক ও ভূরাজনৈতিক উত্তেজনায় এর আগের সপ্তাহেও মিশ্র প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার।

আরও