কভিড-১৯ মহামারী ও পরবর্তী সময়ের সরবরাহ চেইন সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছিল যুক্তরাষ্ট্রের নতুন গাড়ির বাজার। একই সঙ্গে অর্থনৈতিক ধীর প্রবৃদ্ধি খাতটিতে প্রভাব ফেলেছিল। এ কারণে গাড়ি বিক্রি কমেছিল বড় কোম্পানিগুলোর। খাতসংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালে খাতটি পুনরুদ্ধারের কাছাকাছি এসে পৌঁছেছে। এতে গুরুত্বপূর্ণ রয়েছে বড় দুই অটো কোম্পানি। খবর সিএনবিসি।
২০১৯ সালের পর যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি কমে যায়, সে ধারা কয়েক বছর অব্যাহত থাকে। ২০২৪ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি নতুন গাড়ি বিক্রি করেছে জেনারেল মোটরস ও ফোর্ড মোটর। এছাড়া সব ব্র্যান্ডের গাড়ির মোট বিক্রির সংখ্যায় প্রাক-মহামারীর স্তরের কাছাকাছি অবস্থান দেখা যাচ্ছে।
এ প্রবৃদ্ধির প্রধান কারণ ছিল পুরোপুরি বিদ্যুচ্চালিত ও হাইব্রিড মডেলের গাড়ির বাড়তি চাহিদা। গাড়ি কোম্পানিগুলোর প্রতিবেদন অনুযায়ী, শিল্প বিশ্লেষকদের প্রত্যাশার সঙ্গে মিলে গেছে গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধি।
এর আগে প্রতিষ্ঠানগুলো পূর্বাভাস দিয়েছিল, ২০২৪ সাল শেষে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতারা প্রায় ১ কোটি ৬০ লাখ গাড়ি বিক্রি করবে। বাস্তব সে পূর্বাভাসের প্রতিফলন দেখা গেছে, যা ২০১৯ সালে প্রায় ১ কোটি ৭০ লাখ গাড়ি বিক্রির পর সর্বোচ্চ।
এ বিষয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটির সহযোগী পরিচালক স্টেফানি ব্রিনলি বলেন, ‘আমরা গত বছর প্রায় দেড় কোটি গাড়ি বিক্রি করেছি, যা মূলত শেষ প্রান্তিকে এসে (অক্টোবর-ডিসেম্বর) শক্তিশালী বিক্রির কারণে সম্ভব হিয়েছে। এছাড়া উচ্চ ব্যয় ও মূল্যস্ফীতির মতো বিষয় বিবেচনা করলে বছরটি বেশ ভালো কেটেছে।’
বাজারসংশ্লিষ্টরা ধারণা করছেন, চলতি বছর গাড়ি বিক্রি আরো বাড়তে পারে। তবে সংখ্যাটি ২০১৯ সালের তুলনায় বেশি হবে না। এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটির পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৬২ লাখ গাড়ি বিক্রি হবে।
এছাড়া টয়োটা, হুন্দাই ও হোন্ডার মতো বেশ কয়েকটি বৃহত্তম গাড়ি নির্মাতা বার্ষিক বিক্রিতে আগের বছরের তুলনায় কিছুটা প্রবৃদ্ধির কথা জানিয়েছে, যা শিল্পসংশ্লিষ্টদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে জেনারেল মোটরস যুক্তরাষ্ট্রে শীর্ষ অটোমেকার হিসেবে অবস্থান ধরে রেখেছে, এর পরই রয়েছে টয়োটা ও ফোর্ড। হুন্দাই ও এর অংশীদার কিয়া একত্রে চতুর্থ স্থানে রয়েছে, এরপর আছে হোন্ডা। তবে ক্রাইসলারের মূল প্রতিষ্ঠান স্টেলান্টিস সাম্প্রতিক বছরগুলোয় বিক্রিতে বড় পতনের সম্মুখীন হয়েছে। সে ধারা গত বছরও বিদ্যমান ছিল। ১৫ শতাংশ পতন সত্ত্বেও স্টেলান্টিস ১৩ লাখ গাড়ি বিক্রি করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জেনারেল মোটরস ২০২৪ সালে ২৭ লাখের বেশি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। ২০১৯ সালে জেনারেল মোটরসের বিক্রির পরিমাণ ছিল ২৯ লাখ ইউনিট। ফোর্ড গত বছর ২০ লাখ ৮০ হাজার গাড়ি বিক্রির কথা জানিয়েছে। এদিকে ২০১৯ সালে ফোর্ড বিক্রি করেছিল ২৪ লাখ ২০ হাজার গাড়ি। গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) অটোমোবাইল কোম্পানিটি বিক্রিতে ৮ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে। ফোর্ড জানিয়েছে, কোম্পানিটি বছরজুড়ে যে পরিমাণ গাড়ি বিক্রি করেছে, তার মধ্যে ১৩ দশমিক ৭ শতাংশ ছিল হাইব্রিড বা পুরোপুরি বিদ্যুচ্চালিত।
এছাড়া জাপানি অটো জায়ান্ট হোন্ডা গত বছর ৮ দশমিক ৮ শতাংশ বিক্রি প্রবৃদ্ধির ঘোষণা দিয়েছে। হুন্দাই ব্র্যান্ড ২০২৪ সালে ৮ লাখ ৩৬ হাজার ৮০০ গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ বেশি।