চীন আগামী বছর থেকে পুনর্ব্যবহারযোগ্য তামা ও অ্যালুমিনিয়ামের কাঁচামাল আমদানিতে শুল্ক কমাবে। গতকাল দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইথেন আমদানি শুল্ক কমানো হবে বলেও জানিয়েছে তারা। খবর রয়টার্স।
বিবৃতিতে চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, উচ্চ মানের পণ্য আমদানি ও অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে আমদানি শুল্কের বিভিন্ন শ্রেণীতে পরিবর্তন আনা হবে। একই সঙ্গে চীনের উন্মুক্ত বাণিজ্যিক পরিবেশের বৈশ্বিক প্রচারের উদ্দেশ্যেও এ পদক্ষেপ নেয়া হয়েছে। শুল্ক কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে আগামী বছরের প্রথম দিন থেকে।
মন্ত্রণালয় আরো জানায়, আমদানি করা হয় এমন ৯৩৫টি পণ্যে বিশ্বের সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশগুলোর (এমএফএন) জন্য নির্ধারিত হারের চেয়ে কম হারে শুল্কারোপ করা হবে। ইথেনসহ পুনর্ব্যবহারযোগ্য কিছু তামা ও অ্যালুমিনিয়ামের কাঁচামালের আমদানি শুল্ক কমানো হবে। মূলত জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগকে এগিয়ে নিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মোলাসেস ও চিনিমিশ্রিত প্রিমিক্স পাউডারসহ কিছু পণ্যের শুল্ক বাড়ানো হবে। সাইক্লিক ওলেফিন পলিমার, ইথিলিন-ভিনাইল অ্যালকোহল কপলিমার ও স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের মতো পণ্যের শুল্ক কমানো হবে।
চীন-মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আগামী বছরের ১ জানুয়ারি কার্যকর হবে। এ চুক্তি অনুযায়ী শুল্ক কমানো হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।