আবাসন ঘাটতি

থ্রিডি-প্রিন্টেড বাড়ির চাহিদা বাড়ছে যুক্তরাষ্ট্রে

ক্রমবর্ধমান আবাসন সংকট, নির্মাণ ব্যয়ের উল্লম্ফন ও দক্ষ শ্রমিকের সীমিত সরবরাহ—এ তিন বিষয় মার্কিন আবাসন খাতে প্রচলিত পদ্ধতির বাইরে ভাবতে বাধ্য করছে।

ক্রমবর্ধমান আবাসন সংকট, নির্মাণ ব্যয়ের উল্লম্ফন ও দক্ষ শ্রমিকের সীমিত সরবরাহ—এ তিন বিষয় মার্কিন আবাসন খাতে প্রচলিত পদ্ধতির বাইরে ভাবতে বাধ্য করছে। তেমন একটি বিকল্প ত্রিমাত্রিক বা থ্রিডি-প্রিন্টিং প্রযুক্তি। মার্কিন আবাসন বাজারে দেখা যাচ্ছে, এতদিন পরীক্ষামূলকভাবে গ্রহণ করা পদ্ধতিটি পূর্বাভাসের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে।

থ্রিডি-প্রিন্টেড আবাসনে প্রচলিত নির্মাণ পদ্ধতির বদলে বড় আকারের থ্রিডি-প্রিন্টার ব্যবহার করে স্তরভিত্তিক কংক্রিট তৈরি করা হয়। এতে দেয়াল দ্রুত দাঁড়িয়ে যায়, শ্রমিকের প্রয়োজন কমে এবং বাড়ি বেশি টেকসই ও শক্তিশালী হয়।

আগে ছোট পরিসরের পরীক্ষামূলক প্রকল্পে সীমাবদ্ধ ছিল থ্রিডি-প্রিন্টেড বাড়ি। কিন্তু এখন মার্কিন আবাসিক এলাকাগুলোয় এ ধরনের বাড়ির নির্মাণ ও বিক্রি বাড়ছে।

এরই মধ্যে হালনাগাদ এ প্রযুক্তির প্রতি মার্কিনদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান আইকনের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেসন বলার্ড বলেন, ‘‌দ্রুত বাড়ি দাঁড়িয়ে যাওয়াই এ পদ্ধতির প্রধান আকর্ষণ নয়। বরং আবাসন বাজারের একাধিক সমস্যার সমাধান দিতে পারে পদ্ধতিটি। বিশেষ করে ক্রয়ক্ষমতা অনুসারে চাহিদা ও টেকসই কাঠামোর ক্ষেত্রে থ্রিডি-প্রিন্টিং সুবিধাজনক।’

জেসন বলার্ড আরো বলেন, ‘থ্রিডি-প্রিন্টিং বেশি জ্বালানি-সাশ্রয়ী ও মজবুত। প্রাকৃতিক দুর্যোগে সহনশীল ভবন পরিমাপের যেসব মানদণ্ড আছে তার প্রায় সব দিক থেকেই এটি উন্নত।’

মূলত শক্ত কাঠামো ও দীর্ঘমেয়াদি সাশ্রয়ের সুবিধার কারণে নির্মাণ প্রযুক্তিটি এরই মধ্যে প্রথমবারের মতো বাড়ি কিনছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ ধরনের বাড়ির কংক্রিটের দেয়াল পোকামাকড়, প্রতিকূল আবহাওয়া ও কাঠামোগত ক্ষয় প্রতিরোধের জন্য তৈরি। একই সঙ্গে বাঁকানো অভ্যন্তরীণ নকশা নির্মাতাদের লেআউট ও বিন্যাসের ক্ষেত্রে তুলনামূলক সৃজনশীলতা প্রয়োগের সুযোগ দেয়।

থ্রিডি-প্রিন্টেড উপকরণই এ ধরনের বাড়ি নির্মাণের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানালেন প্রথম দিকের এক ক্রেতা ভিকি প্রিডজেন। তিনি বলেন, ‘এ দেয়াল ভাঙতে অনেক শক্তি লাগবে বা পিঁপড়া কংক্রিটের স্তর ভেদ করে ঢুকতে পারবে, এমনটা মনে হয় না। আমার কাছে এটি বেশ মজবুত মনে হয়েছে।’

যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে আবাসনের চাহিদা এখনো সরবরাহকে ছাড়িয়ে যাচ্ছে। তাই নির্মাতারা এমন পদ্ধতির দিকে ঝুঁকছেন, যাতে মান বজায় রেখে নির্মাণ সময় কমাতে পারে। শ্রমিক সংকট ও উচ্চ নির্মাণ ব্যয়ের মধ্যে বিকল্প নির্মাণ পদ্ধতি—বিশেষ করে থ্রিডি-প্রিন্টিং ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে। —খবর ফক্স নিউজ

আরও