বিশ্ববাজারে প্রথমবার আউন্সপ্রতি ৩,৫০০ ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে গতকাল প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বিশ্ববাজারে গতকাল প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার ফলে অর্থনৈতিক প্রভাব নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এমন প্রেক্ষাপটে ব্যাপক মাত্রায় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মূল্যবান ধাতুটির দাম। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৯৩ ডলার ৪১ সেন্ট হয়েছে। দিনব্যাপী লেনদেনের শুরুতেই যা ৩ হাজার ৫০০ ডলার ৫ সেন্টে যায়। ফিউচার মার্কেটেও দামে ছিল বড় উল্লম্ফন, প্রতি আউন্স বিক্রি হয়েছে ৩ হাজার ৫০০ ডলার ৫ সেন্টে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, ‘শুল্ক-উদ্বেগ ও ট্রাম্প-পাওয়েল মন কষাকষির ঘটনায় মার্কিন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেছে। এতে ডলারের বিনিময় হার দুর্বল হয়ে বাজার দখল করছে স্বর্ণ।’

মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাজারে প্রভাব ফেলেছে। ডলারের বিনিময় হার তিন বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফেড চেয়ারম্যানের সম্পর্ক নিয়ে জল্পনা ও তাকে অপসারণের গুঞ্জন বিনিয়োগকারীদের আরো শঙ্কিত করেছে। বাজার নিরাপত্তাহীনতায় বহু বিনিয়োগকারী ঝুঁকছেন স্বর্ণের দিকে, যেটিকে দেখা হয় আপৎকালীন বিনিয়োগ হিসেবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে স্বর্ণের দাম প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। যদিও দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় ‘রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স’ (আরএসআই) ৭৯-এ পৌঁছেছে। যার অর্থ বাজার বাস্তব অর্থনীতির তুলনায় কিছুটা অতিরিক্ত ক্রয় পরিস্থিতিতে রয়েছে। ফলে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে যেকোনো সময় বিক্রি শুরু করতে পারে। এতে হঠাৎই দাম কিছুটা কমে আসতে পারে।

তবে বিশ্লেষকরা বলছেন, সাময়িক দরপতনের সম্ভাবনা থাকলেও উচ্চ অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ অব্যাহত থাকবে।

স্বর্ণের সঙ্গে বেড়েছে অন্যান্য ধাতুর দামও। রুপা বা স্পট সিলভারের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩০ ডলার ৮০ সেন্টে বিক্রি হয়েছে। প্লাটিনাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৭২ ডলার ২০ সেন্ট হয়েছে আর প্যালাডিয়াম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৯৪৮ ডলার ১৪ সেন্টে পৌঁছেছে।

আরও