গমের ক্রয়মূল্য ৬ দশমিক ৬ শতাংশ বাড়িয়েছে ভারত

গম উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে নতুন মৌসুমের গমের ন্যূনতম ক্রয়মূল্য (এমএসপি) ৬ দশমিক ৬ শতাংশ বাড়িয়েছে ভারত।

গম উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে নতুন মৌসুমের গমের ন্যূনতম ক্রয়মূল্য (এমএসপি) ৬ দশমিক ৬ শতাংশ বাড়িয়েছে ভারত। আগামী মৌসুমে দেশটির সরকার অভ্যন্তরীণ কৃষকদের কাছ থেকে প্রতি ১০০ কেজি গম ২ হাজার ৫৮৫ রুপি দরে কিনবে, গত বছর যা ছিল ২ হাজার ৪২৫ রুপি। খবর বিজনেস রেকর্ডার।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত প্রতি বছর গম ও চালের জন্য এমএসপি নির্ধারণ করে।

ভারতে অক্টোবর-নভেম্বরে গম বপন শুরু হয় এবং ফসল সংগ্রহ শেষ হয় মার্চে। বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, গম উৎপাদনে কৃষকের আগ্রহ ধরে রাখতে মূল্যবৃদ্ধি জরুরি হয়ে পড়েছিল। গত মৌসুমে সরিষা উৎপাদনে ভালো মুনাফা পাওয়ায় কয়েকটি রাজ্যে কৃষকরা গমের বদলে সরিষা চাষের দিকে ঝুঁকেছিলেন।

ভারতের উত্তর, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলেই মূলত গম ও সরিষা চাষ হয়। ওইসব অঞ্চলের অনুকূল শীতল আবহাওয়া এসব শস্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখে।

আরও