অফশোর উইন্ড প্রকল্প বাতিলে সাড়ে ৭৬ কোটি ডলার দিচ্ছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের উপকূলে অবস্থিত চারটি বড় অফশোর উইন্ড (সমুদ্রতীরবর্তী বায়ুবিদ্যুৎ) প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এজন্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনভেনার্জিকে ৭৬ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে মার্কিন সরকার। চুক্তি অনুযায়ী, কোম্পানিটি এ অর্থ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ও মধ্য-পশ্চিমাঞ্চলে প্রাকৃতিক গ্যাস এবং ভূতাপীয় (জিওথার্মাল) বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

ট্রাম্প প্রশাসনের জলবায়ু নীতির অংশ হিসেবে নবায়নযোগ্য শক্তি থেকে সরে জীবাশ্ম জ্বালানি ও বিকল্প উৎসকে প্রাধান্য দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইনভেনার্জি জানিয়েছে, মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিউইয়র্ক, মেইন ও ক্যালিফোর্নিয়ার চারটি প্রকল্প থেকে মূলধন সরিয়ে ইন্ডিয়ানা, উইসকনসিন এবং মিসৌরির মতো রাজ্যগুলোয় প্রাকৃতিক গ্যাস ও ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলবে।

আবহাওয়ানির্ভর অফশোর উইন্ডের চেয়ে জিওথার্মাল প্রকল্পকে বেশি নির্ভরযোগ্য মনে করে ট্রাম্প প্রশাসন। এর আগে ফরাসি তেল কোম্পানি টোটাল ও গোল্ডেন স্টেট উইন্ডের সঙ্গেও একই ধরনের চুক্তি করেছে দেশটির সরকার। তবে সামরিক রাডারে বিঘ্ন ঘটার অজুহাতে উইন্ড প্রকল্প বাতিলের এ বিশাল আর্থিক লেনদেন নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নিউইয়র্কসহ সাতটি অঙ্গরাজ্য সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।

আরও