ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে কফি সরবরাহ কমেছে

ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে চলতি সপ্তাহে রোবাস্তা কফি সরবরাহ কমেছে।

ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে চলতি সপ্তাহে রোবাস্তা কফি সরবরাহ কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাড়তি মুনাফার আশায় ভিয়েতনামের কৃষকরা কফি বিন বিক্রি বন্ধ রেখেছেন। এ সময় মৌসুমের শেষ সময় হওয়ায় ইন্দোনেশিয়ায় সরবরাহ সংকট দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ১৩ হাজার ৭০০ থেকে ১ লাখ ১৩ হাজার ডংয়ে (৫ ডলার ২৩ সেন্ট থেকে ৫ ডলার ২৮ সেন্ট) বিক্রি করেছেন। এর আগের সপ্তাহে যা ছিল কেজিতে ১ লাখ ৩১ হাজার থেকে ১ লাখ ৩৩ হাজার ডং।

এক কফি ব্যবসায়ী জানান, ‘ভিয়েতনাম বর্তমানে একমাত্র রোবাস্তা সরবরাহকারী দেশ। তাই অনেক ব্যবসায়ী পরবর্তী সময়ে ভালো দাম পাওয়ার আশায় বিক্রি বন্ধ রেখেছেন।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে শুষ্ক মৌসুম চলছে। তবে সেচের জন্য পর্যাপ্ত পানি আছে।’

ভিয়েতনামের মার্কেন্টাইল এক্সচেঞ্জের ডেপুটি হেড ইউয়েন গোক কুইন জানান, ‘প্রত্যাশা অনুযায়ী ব্রাজিলে রোবাস্তা কফি উৎপাদন হবে না। ব্রাজিলের রোবাস্তা কনিলন কফি সংগ্রহে এক সপ্তাহ বাকি। তবে আবহাওয়ার পূর্বাভাস সুবিধাজনক নয়। ফলে ভিয়েতনামে অভ্যন্তরীণভাবে দাম কেজিপ্রতি ১ লাখ ১৩ হাজার ডং থাকতে পারে।’

আরও