চট্টগ্রাম বন্দর

ঈদের ছুটিতে ২৫ লাখ টন কার্গো ও ৫৫ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং

ঈদের ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে ছন্দপতন হয়নি।

১৭ থেকে ২৩ মার্চ এ সাতদিনে বন্দরে মোট ২৫ লাখ ৮ হাজার ৬১৪ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানীকৃত পণ্যের পরিমাণ ছিল ২৩ লাখ ৬১ হাজার ৭৮৬ টন আর রফতানি পণ্য হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৮২৮ টন। ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৪ লাখ ৩৪ হাজার ৪৩৪ টন কার্গো হ্যান্ডলিং করে বন্দর, যা সপ্তাহের সর্বোচ্চ দৈনিক পারফরম্যান্স।

একই সময়ে কনটেইনার হ্যান্ডলিংও ছিল উল্লেখযোগ্য। সাতদিনে মোট ৫৪ হাজার ৮৯৮ টিইইউ কনটেইনার ব্যবস্থাপনা করা হয়েছে। এর মধ্যে আমদানীকৃত কনটেইনার ২৮ হাজার ৯৬১ টিইইউ এবং রফতানি কনটেইনার ২৫ হাজার ৯৩৭ টিইইউ। এখানেও ১৮ মার্চ ছিল ব্যস্ততম দিন। এদিনে ১১ হাজার ৮৬১ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়।

বন্দর সূত্র জানায়, ঈদের ছুটিতে কার্যক্রম সচল রাখতে রোস্টারভিত্তিক দায়িত্ব বণ্টন, সার্বক্ষণিক মনিটরিং এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় নিশ্চিত করা হয়। ফলে ছুটির মধ্যেও জাহাজ হ্যান্ডলিংয়ে ধারাবাহিকতা বজায় থাকে। এ সাতদিনে মোট ৬৪টি জাহাজ বন্দরে বার্থিং ও হ্যান্ডলিং হয়েছে। ১৯ মার্চ সর্বোচ্চ ১৪টি জাহাজ পরিচালনা করা হয়। ছুটির আমেজ কাটিয়ে ২৩ মার্চ আবার ১২টি জাহাজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে পূর্ণ গতিতে ফেরে বন্দর কার্যক্রম।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বণিক বার্তাকে বলেন, ‘নিরবচ্ছিন্ন অপারেশনাল ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রধান সমুদ্রবন্দরটির সরবরাহ শৃঙ্খল সচল ছিল। বন্দরের ধারণক্ষমতা ৫৯ হাজার টিইইউ হলেও বর্তমানে ইয়ার্ডে কনটেইনার রয়েছে ৪২ হাজার ৬৮৫ টিইইউ। এছাড়া কমলাপুর আইসিডিগামী ৫০৩ টিইইউ কনটেইনার বন্দরে অবস্থান করছে। আজ (বুধবার) প্রক্রিয়াধীন রয়েছে বন্দর থেকে ২ হাজার ৭৫৭ টিইইউ কনটেইনার খালাসের।’

সংশ্লিষ্টরা বলছেন, উৎসবকালে এ ধরনের ধারাবাহিক পারফরম্যান্স দেশের আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখা এবং বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও