২০২৪ সাল

যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি বেড়েছে সাড়ে ৪ শতাংশ

যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি ২০২৪ সালে আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি ২০২৪ সালে আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশটি ৮ কোটি ৮৩ লাখ টন এলএনজি রফতানি করেছে, যা আগের বছর ছিল ৮ কোটি ৪৫ লাখ টন। খবর রয়টার্স।

বিশ্বের শীর্ষ এলএনজি রফতানিকারক যুক্তরাষ্ট্রে গত বছর নতুন করে দুটি প্লান্ট চালু হয়েছে। এতে দেশটি থেকে রফতানি বেড়েছে। গত ডিসেম্বরেও ৮৫ লাখ টন এলএনজি রফতানি হয়, যা আগের মাসের তুলনায় ৯ শতাংশ বেশি। নভেম্বরে ৭৭ লাখ ৫০ হাজার টন রফতানি হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে মাসিক ভিত্তিতে ইতিহাসের সর্বোচ্চ ৮৬ লাখ টন রফতানি করেছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন শীর্ষ এলএনজি উৎপাদক চেনিয়ার এনার্জি টেক্সাসের কর্পাস ক্রিস্টিতে তৃতীয় পর্যায়ের সম্প্রসারণ সম্পন্ন করতে যাচ্ছে। এছাড়া ভেঞ্চার গ্লোবাল এলএনজির প্লাকামাইন প্লান্ট চালু হওয়ায় যুক্তরাষ্ট্রের বার্ষিক এলএনজি উৎপাদনে সময়ের সঙ্গে সঙ্গে আরো তিন কোটি টিপিএ (টন পার অ্যানাম) সক্ষমতা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

রাপিডান এনার্জি গ্রুপের গ্লোবাল গ্যাস ও এলএনজি গবেষণার পরিচালক অ্যালেক্স মুনটন বলেন, ‘‌প্লাকামাইনসের মতো বড় আকারের নতুন সক্ষমতা যোগ হওয়ায় যুক্তরাষ্ট্রের রফতানি বাড়ছে। এটি চলতি বছর বিশ্বব্যাপী এলএনজি বাজারে দামের অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।

গত বছরে বিশ্বব্যাপী এলএনজি সরবরাহ খুব বেশি বাড়েনি। ইউরোপে শীতের মৌসুমে খুব বেশি ঠাণ্ডা আবহাওয়া বিরাজ না করায় জ্বালানি পণ্যটির দামেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। বিপরীতে গ্যাস মজুদাগারগুলো পূর্ণ ছিল। রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপে রফতানি হয়েছে।’

মুনটন বলেন, ‘‌চলতি বছর এ পরিস্থিতি নাও থাকতে পারে। যুক্তরাষ্ট্র থেকে রফতানি বাড়ায় বৈশ্বিক চাহিদা ও সরবরাহের ওপর চাপ তৈরি হবে।’

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানির প্রধান গন্তব্য ছিল ইউরোপ। এ সময় অঞ্চলটিতে ৫৮ লাখ ৪০ হাজার টন বা ৬৯ শতাংশ সুপারকোল্ড গ্যাস রফতানি করে দেশটি, যা নভেম্বরে ছিল ৫০ লাখ ৯০ হাজার টন।’

এলএসইজির তথ্যানুযায়ী, শীতকালে গ্যাসের চাহিদা বাড়তে শুরু করায় ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে রফতানি বিভিন্ন দেশের মধ্যে বিস্তৃত ছিল। তুরস্ক ছিল যুক্তরাষ্ট্রের এলএনজির প্রধান গন্তব্যগুলোর মধ্যে একটি। একই সময়ে এশিয়ায় মোট রফতানি কিছুটা বেড়ে ২০ লাখ ১০ হাজার টনে উন্নীত হয়েছে, যা নভেম্বরে ছিল ১৬ লাখ ৪০ হাজার টন। গত বছরের শেষ মাসে লাতিন আমেরিকায় ৫ লাখ ৮০ হাজার টন ও জর্ডানে ৭০ হাজার টন এলএনজি রফতানি করা হয় বলে এলএসইজি জানিয়েছে।

আরও