এশিয়ার স্পট মার্কেটে স্থিতিশীল এলএনজির দাম

এশিয়ার দেশগুলোয় বর্তমানে মৃদু আবহাওয়া বিরাজ করছে। তাই এ অঞ্চলে জ্বালানির চাহিদা তুলনামূলক কমেছে।

এশিয়ার দেশগুলোয় বর্তমানে মৃদু আবহাওয়া বিরাজ করছে। তাই এ অঞ্চলে জ্বালানির চাহিদা তুলনামূলক কমেছে। এছাড়া পর্যাপ্ত মজুদ থাকায় এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম প্রায় স্থিতিশীল ছিল। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।

শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চের সরবরাহ চুক্তিতে চলতি সপ্তাহে এলএনজির দাম কিছুটা বেড়ে প্রতি এমএমবিটিইউ ১৪ ডলারে স্থির হয়েছে।

ইন্টারন্যাশনাল এনার্জি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির সিনিয়র অ্যানালিস্ট পাং লু মিং বলেন, ‘এশিয়ার দেশগুলোয় চাহিদা বর্তমানে নিম্নমুখী। আবহাওয়া স্বাভাবিকের তুলনায় উষ্ণ হওয়ায় পূর্ব এশিয়ায় তা আরো কম।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ কোরিয়া ও জাপানে ফেব্রুয়ারির শুরু ও মাঝামাঝি পর্যন্ত স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা উষ্ণ থাকবে। দক্ষিণ চীনেও একই তাপমাত্রা থাকতে পারে। তবে এ সময় দেশটির উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে ঠাণ্ডা আবহাওয়া দেখা দেবে।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ব এশিয়ার দেশগুলোয় এলএনজির পর্যাপ্ত মজুদ রয়েছে। পাং লু মিংয়ের দেয়া তথ্যমতে, ‘জাপানের আমদানি সম্প্রতি কমেছে। এটি শীতকালীন পর্যাপ্ত মজুদ থাকার ইঙ্গিত। এছাড়া দক্ষিণ কোরিয়া ও চীনের বাজারেরও শীতকালীন পর্যাপ্ত মজুদ থাকার তথ্য পাওয়া গেছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার মার্চের সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে ১৪ ডলার ৫৯ সেন্টে। এছাড়া একই মাসের সরবরাহ চুক্তিতে টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ৩৭ সেন্ট ছাড় দেয়া হয়েছে।

আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১৪ ডলার ৬১ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১৪ ডলার ৫৯ সেন্ট।

আরগাসের হেড অব ইউরোপিয়ান গ্যাস, এলএনজি অ্যান্ড বায়োমাস প্রাইসিং নাতাশা ফিল্ডিং বলেন, ‘শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের সরবরাহে প্রভাব ফেলেছে। এছাড়া মজুদ পূরণে চাহিদা বেড়েছে। এসব কারণে উত্তর-পূর্ব এশিয়ার বাজারের তুলনায় ইউরোপে সরবরাহ করা এলএনজিতে মূল্য সংযোজন বেড়েছে।’

উল্লেখ্য, শীতকালীন ঝড় ছাড়াও ফ্রিপোর্ট এলএনজি মঙ্গলবার টেক্সাসে তাদের রফতানি প্লান্ট বন্ধ করেছে।

এদিকে এলএনজি পরিবহন ব্যয় রেকর্ড নিম্নে নেমেছে। স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, শুক্রবার আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজির পরিবহন ব্যয় কমে দৈনিক ৯ হাজার ডলারে নেমে এসেছে। প্রশান্ত মহাসাগরীয় পথে তা কমে দৈনিক ১৫ হাজার ৫০০ ডলারে স্থির হয়েছে।

আরও