দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে মোট ৯৮৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৯২ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এ-সংক্রান্ত অনুমোদন দেয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। এতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯৭ ডলার।
এছাড়া পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে স্পট মার্কেট থেকে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯০ ডলার।
এছাড়া সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।