ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বিরোধে যুক্তরাষ্ট্রে কফির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রাজিল থেকে আমদানি প্রায় বন্ধ থাকায় দেশটির কফি প্রক্রিয়াজাতকারীদের মজুদ শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র-ব্রাজিল বাণিজ্য আলোচনা কফির ভবিষ্যৎ সরবরাহ ও দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
বিশ্বের সর্ববৃহৎ কফি ভোক্তা যুক্তরাষ্ট্রে ব্যবহৃত মোট কফির এক-তৃতীয়াংশ আসে ব্রাজিল থেকে। তবে গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির কফির ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করায় এ সরবরাহ ব্যাহত হয়। রাজনৈতিক টানাপড়েনের অংশ হিসেবে আরোপিত এ শুল্ক ব্রাজিলীয় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে শাস্তি দেয়ার পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ফলে ৩৪ হাজার কোটি ডলারের মার্কিন কফি শিল্পে বড় প্রভাব পড়েছে। অনেক আমদানিকারককে আগাম বুকিং বাতিল করে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়েছে। কিছু প্রক্রিয়াজাতকারী বিকল্প উৎস থেকে কফি কিনতে বাধ্য হয়েছেন। এতে খুচরা পর্যায়ে দাম বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত।
মার্কিন কফি আমদানিকারক লুকাতেলি কফির মালিক স্টিভেন ওয়াল্টার থমাস বলেন, ‘এ শুল্ক বাণিজ্যভিত্তিক নয়। বরং এটি শাস্তিমূলক ও ব্যক্তিগত সিদ্ধান্ত। এটি ট্রাম্প ও লুলার মধ্যকার বিষয়। এর খেসারত দিচ্ছি আমরা এবং গ্রাহকরা।’