অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক

ব্রিটিশ অর্থনীতিতে ধীর প্রবৃদ্ধি

গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যুক্তরাজ্যের অর্থনীতি।

গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যুক্তরাজ্যের অর্থনীতি। ডিসেম্বরে দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হওয়ায় এটি সম্ভব হয়েছে। খবর এপি।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, ডিসেম্বরে ব্রিটিশ অর্থনীতি দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এতে ইতিবাচক অবদান রেখেছে একাধিক খাত। বিশেষ করে বড়দিনের ছুটির সময় পাব ও রেস্তোরাঁ ব্যবসা ব্যাপকভাবে মুনাফা করে, যা প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

উৎসবের মৌসুমে ভোক্তাদের ব্যয়বৃদ্ধি অর্থনীতিকে গতি দিয়েছে বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। ওএনএসের তথ্যানুযায়ী, পুরো বছরে ব্রিটিশ অর্থনীতি দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে। যদিও এ হার মন্থর, তবু অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার এটি একটি ইতিবাচক সংকেত।

আগের তিন মাস, অর্থাৎ ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোনো প্রবৃদ্ধি দেখেনি দেশটি। তাই ডিসেম্বর শেষের এ অর্জন অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসের ওপর থেকে কিছুটা চাপ কমাতে পারে।

সমালোচকদের মতে, গত জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে অর্থনৈতিক ধীরতার জন্য রিভস আংশিকভাবে দায়ী।

এদিকে গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড ২০২৫ সালের জন্য ব্রিটিশ অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস দশমিক ৭৫ শতাংশে নামিয়ে দিয়েছে। এর সঙ্গে সুদহারও কমিয়েছে। যদি পূর্বাভাস সঠিক হয়, তাহলে এটি ব্রিটেনের নতুন লেবার সরকারের জন্য একটি বড় ধরনের হতাশার খবর হতে পারে। কারণ সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তাদের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থসংকটে থাকা সরকারি সেবা খাতের জন্য তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছে। প্রবৃদ্ধি অর্জন কঠিন হয়ে ওঠায় জুলাইয়ে নির্বাচনে জয়ের পর দলটির জনপ্রিয়তা তীব্রভাবে কমেছে।

আরও