ভারতের জুনে পাম অয়েল আমদানি ৬০ শতাংশের বেশি বেড়ে ১১ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল ভারতের এডিবল অয়েল ইন্ডাস্ট্রি সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
এসইএ জানায়, গত মাসে ভারতের মোট পাম অয়েল আমদানির পরিমাণ ছিল ৯ লাখ ৫৫ হাজার ৬৮৩ টন, যা ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের তুলনায় পাম অয়েলের দাম বৃদ্ধি আমদানি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া কমে যাওয়া মজুদ পূরণ করতেও পরিশোধনকারী কোম্পানিগুলো আমদানি বাড়িয়েছে।
বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। দেশটি পাম অয়েল আমদানি বাড়ানোর কারণে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো প্রধান উৎপাদনকারী দেশগুলোয় মজুদ কমতে পারে। এতে সামনের দিনগুলোয় ভোজ্যতেলটির মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
তবে গত মাসে ভারতের সয়াবিন তেল আমদানি ৯ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৫০৪ টনে। অন্যদিকে সূর্যমুখী তেল আমদানি ১৭ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৪১ টন।
ভারতে ১ জুলাই মোট পাম অয়েল মজুদের পরিমাণ ছিল ১৫ লাখ ৬৮ হাজার টন, যা আগের মাসের ১৩ লাখ ৩০ হাজার টনের তুলনায় বেশি।
এদিকে জুলাইয়েও ভারতের পাম অয়েল আমদানি ৯ লাখ টনের বেশি থাকতে পারে বলে জানিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ী সংস্থা জিজিএন রিসার্চের ম্যানেজিং পার্টনার রাজেশ পটেল। এ বিষয়ে তার বক্তব্য হলো আন্তর্জাতিক বাজারে বিকল্প ভোজ্যতেলগুলোর তুলনায় এখনো কম দামে বিক্রি হচ্ছে পাম অয়েল।