চিপ নির্মাতা নেক্সপেরিয়ার মালিকানাকে কেন্দ্র করে নেদারল্যান্ডস ও চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, ফলে গাড়ি তৈরির সেমিকন্ডাক্টরের ঘাটতি দেখা যাচ্ছে। এতে মেক্সিকোর একটি উৎপাদন কেন্দ্রে কার্যক্রম স্থগিত করেছে জাপানি কোম্পানি হোন্ডা। কোম্পানিটির মুনাফার মূল উৎস উত্তর আমেরিকার বাজার। এখানে উৎপাদন কমে গেলে সামগ্রিক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মেক্সিকোর মধ্যাঞ্চলে অবস্থিত সেলায়া অটো প্লান্টে তৈরি হয় এইচআর-ভি এসইউভিসহ বিভিন্ন মডেলের গাড়ি। কারখানাটির বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় দুই লাখ ইউনিট। অবশ্য উৎপাদন কমার পরিমাণ বা স্থগিতাদেশের মেয়াদ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোন্ডা। খবর কিয়োদো