প্রথমবারের মতো ডিজিটাল অ্যাসেট ট্রেজারি (ডিএটি) তহবিল চালুর ঘোষণা দিয়েছে হংকংয়ের লাইসেন্সপ্রাপ্ত বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ হ্যাশকি গ্রুপ। প্রাথমিকভাবে তহবিলটির লক্ষ্য ৫০ কোটি ডলারের তহবিল সংগ্রহ। গতকাল এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, একাধিক মুদ্রাভিত্তিক এ তহবিলের মূল লক্ষ্য হলো ক্রিপ্টো সম্পদ সঞ্চয় কৌশলের প্রসার এবং ওয়েব–থ্রি খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা। খবর রয়টার্স।
ডিএটি কৌশল অনুসারে, বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির ক্রিপ্টোকারেন্সি কিনে মজুদ রাখা হয়। এতে টোকেনের দাম বাড়লে বিনিয়োগকারীরা লাভবান হবেন।
বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাগুলো ক্রিপ্টো খাতে কিছুটা নমনীয় হওয়ায় ডিএটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি ২০২০ সালে বিটকয়েন কেনা শুরু করে এবং বর্তমানে তাদের হাতে রয়েছে ৬ হাজার ৩০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো সম্পদ। প্রতিষ্ঠানটিকে অনুসরণ করে বহু কোম্পানি একই পথে হাঁটছে। আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ডের তথ্য অনুযায়ী, ডিএটি কৌশল অনুসারীরা এখন প্রায় ১ লাখ বিটকয়েন তাদের মজুদে রেখেছেন।
হ্যাশকি জানিয়েছে, তারা বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় ডিএটি প্রকল্পে বিনিয়োগ করবে। এটি শুধু ক্রিপ্টো সম্পদের মান নির্ধারণে মানদণ্ড গড়ে তুলবে না, একই সঙ্গে ওয়েব–থ্রি ইকোসিস্টেমকে আরো দ্রুত প্রসারিত করতে সহায়তা করবে। ওয়েব–থ্রি হলো এমন এক ইন্টারনেট অবকাঠামো, যা বিকেন্দ্রীকৃত ও ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটি আশা করছে, তারা ধাপে ধাপে বহুমুখী পোর্টফোলিও তৈরি করবে। প্রাথমিকভাবে ইথেরিয়াম ও বিটকয়েনভিত্তিক প্রকল্পে বিশেষ গুরুত্ব দেয়া হবে। নতুন ফান্ড বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াবে এবং ক্রিপ্টো সম্পদে টেকসই প্রবৃদ্ধির নতুন ধারা তৈরি করবে।