আইসিসিবির সভায় রাষ্ট্রদূত

আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নতুন সুযোগ খোঁজার তাগিদ

বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসা।

বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসা। রাজধানীর গুলশানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) কার্যালয়ে গতকাল এক সভায় তিনি এ কথা বলেন। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও সরকারি পর্যায়ে প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে আরো সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসা বলেন, ‘২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালু করার পর থেকেই আমরা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে অনেক সম্ভাবনা দেখেছি। এখন যৌথ প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে আমদানি-রফতানি ও বিনিয়োগ খাতে আরো নতুন সুযোগ খুঁজে বের করা দরকার।’

সভায় সভাপতিত্ব করেন আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ তার বাণিজ্য বৈচিত্র্য কৌশলে আর্জেন্টিনাকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে।’

সভায় আরো বক্তব্য দেন আইসিসিবির সহসভাপতি এ কে আজাদ, নির্বাহী বোর্ড সদস্য আবদুল হাই সরকার, কুতুব উদ্দিন আহমেদ, এমএ জব্বার (ব্যবস্থাপনা পরিচালক, ডিবিএল গ্রুপ) ও আইসিসিবির মহাসচিব আতাউর রহমান।

সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭৬৫ মিলিয়ন ডলার। দেশটি থেকে সয়াবিন, ভুট্টা, গম ও তুলা আমদানি করা হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় প্রধানত তৈরি পোশাক ও ওষুধ রফতানি হয়।

বর্তমানে উভয় দেশই যৌথ বিনিয়োগের নতুন ক্ষেত্র বিশেষ করে জ্বালানি, কৃষি, চিকিৎসা প্রযুক্তি ও তুলা খাতে সহযোগিতার পথ খুঁজছে।

সভায় আরো উপস্থিত ছিলেন আর্জেন্টিনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ম্যাক্সিমিলিয়ানো রোমানেলো, আইসিসিবির জেনারেল ম্যানেজার অজয় বিহারী সাহা ও ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা শাহনেওয়াজ লতিকা।

আরও