২০২৫ সাল

ভারতীয় বস্ত্র খাতে রেকর্ড ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ

ভারতের বস্ত্র ও পোশাক খাতে গত বছর ৬০ হাজার কোটি রুপির বেশি বিনিয়োগ ও বিনিয়োগ প্রতিশ্রুতি এসেছে।

ভারতের বস্ত্র ও পোশাক খাতে গত বছর ৬০ হাজার কোটি রুপির বেশি বিনিয়োগ ও বিনিয়োগ প্রতিশ্রুতি এসেছে। দেশটির কর্মকর্তারা আশা করছেন, চলতি বছরও এ ধারা অব্যাহত থাকবে। তারা আরো বলছেন, সরকারের নীতিগত সহায়তা, অবকাঠামো উন্নয়ন ও পরিবেশবান্ধব উৎপাদন পরিকল্পনা ভারতে স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে। খবর দ্য হিন্দু।

ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল বা পিএম মিত্রা পার্ক ও প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) স্কিম বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো ভারতীয় বস্ত্র শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলা, রফতানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি।

পিএম মিত্রা পার্ক প্রকল্পেই ১৪ হাজার কোটি রুপির বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে, যার মাধ্যমে প্রায় ৩৮ হাজার ৪০০ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরো ১০ হাজার কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। বর্ধমান, ত্রিশূল, বেস্ট কর্প ও ভিলোসার মতো বড় ভারতীয় কোম্পানি এসব প্রকল্পে বিনিয়োগ করছে। ২০২১ সালের বাজেটে এ প্রকল্প ঘোষণা করা হয়েছিল, যাতে আধুনিক অবকাঠামো ও ‘প্লাগ অ্যান্ড প্লে’ সুবিধা নিশ্চিত করা যায়।

অন্যদিকে সংশোধিত পিএলআই প্রকল্পের আওতায় ৮৫টি কোম্পানি আবেদন করেছে। যেখানে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ২০ হাজার কোটি রুপির বেশি। মূলত কৃত্রিম তন্তু, প্রযুক্তিনির্ভর বস্ত্র ও উচ্চমূল্যের পণ্যের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে এ স্কিম।

এতে বিদেশী বিনিয়োগও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিনল্যান্ডের ইনফিনিটেড ফাইবার কোম্পানি অন্ধ্র প্রদেশে ৪ হাজার কোটি রুপির বিনিয়োগ চুক্তি সই করেছে। সিঙ্গাপুরভিত্তিক রয়্যাল গোল্ডেন ঈগল তামিলনাড়ুতে প্রায় ৪ হাজার ৯৫৩ কোটি রুপির প্রকল্প ঘোষণা করেছে। দক্ষিণ কোরিয়ার হাইওসাং মহারাষ্ট্রে প্রায় ১ হাজার ৮৫০ কোটি রুপির টায়ার কর্ড কারখানা স্থাপন করছে। জাপান ও শ্রীলংকার যৌথ উদ্যোগ এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলোর অংশদারত্বও এ খাতকে শক্তিশালী করছে বলে জানান কর্মকর্তারা।

তারা আরো জানান, টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনে ভারতে নতুন বিনিয়োগ বাড়ছে। ফিলাটেক্স ইন্ডিয়া ৩০০ কোটি রুপি ব্যয়ে রাসায়নিক পুনর্ব্যবহারে প্রযুক্তিনির্ভর একটি পলিয়েস্টার রিসাইক্লিং কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে, যা চলতি বছর চালু হবে। কর্মকর্তারা জানান, ভবিষ্যতে পরিবেশবান্ধব ফাইবার, রিসাইক্লিং ও কার্বন নিঃসরণ কমানোই ভারতের বস্ত্র খাতে অগ্রাধিকার পাবে।

আরও