দরবৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সবচেয়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সবচেয়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৫ টাকা ১০ পয়সা।

সাম্প্রতিক সময়ে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ টাকা ১৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের পর্ষদ।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২১ পয়সা।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ। এর আগে ২০২২-২৩ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানির পর্ষদ।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৮০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪১ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ। এর মধ্যে ৩৭ দশমিক ৪৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬ দশমিক ৭৫ শতাংশ প্রতিষ্ঠান ও বাকি ৫৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও