ডিসেম্বরের মধ্যে আর্থিক খাতের কিছু মৌলিক সংস্কার হবে —অর্থ উপদেষ্টা

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আর্থিক খাতের কিছু মৌলিক সংস্কার কার্যক্রম শেষ হবে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আর্থিক খাতের কিছু মৌলিক সংস্কার কার্যক্রম শেষ হবে। তবে ব্যাংক খাতের সংস্কারে আরো সময় লাগবে। রাজধানীর পল্টনে গতকাল এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রথমবার যৌথভাবে এ পুরস্কার প্রদান করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও এসএমই ফাউন্ডেশন। এ সময় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২১ জন প্রতিবেদককে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে প্রবৃদ্ধির অনেক ধরনের ন্যারেটিভ থাকলেও শিল্পের ভিত্তি এখনো কম। কর্মসংস্থান কিংবা পণ্য উৎপাদনে ছোট ও মাঝারি শিল্পের অনেক অবদান থাকলেও তা স্বীকার করা হয় না। জিডিপিতে এসএমইর অবদান ২৬ শতাংশ বলা হয়। তবে এটা খুব একটা ভালো সংখ্যা নয়। অনেক ক্ষেত্রে ৪০-৬০ শতাংশেরও বেশি অবদান রয়েছে এসএমইর।’

এসএমই খাতের উদ্যোক্তাদের প্রযুক্তির ওপর গুরুত্বারোপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাতুড়ি-বাটাল দিয়ে তৈরি সেই প্রযুক্তির দিন চলে গেছে। সেটা দিয়ে গুণগত পণ্য তৈরি করা যাবে না। অনুন্নত বা স্বল্পোন্নত দেশ এখনো এসএমই প্রধান। আমাদেরও যথেষ্ট সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে হবে।’

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, ‘ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমইর অবদান ৪০-৬০ শতাংশ। অথচ আমাদের জিডিপিতে এসএমইর অবদান ২৫ শতাংশ। এ সংখ্যা অন্তত ৪০ শতাংশ হওয়া উচিত ছিল।’ আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে এসএমইর অবদান অন্তত ৩৫ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

ইআরএফের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা।

আরও