পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ২ হাজার কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকগুলো হচ্ছে ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) ও ট্রাস্ট ব্যাংক। গতকাল বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব অনুষ্ঠিত ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ব্যাংকের ৪০০ কোটি টাকা, ব্যাংক এশিয়ার ৪০০ কোটি টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশের ৫০০ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ২৫০ কোটি টাকা এবং ট্রাস্ট ব্যাংকের ৪৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ডগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকগুলোর মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। পাঁচটি বন্ডই স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড কাজ করছে।
ব্যাংক এশিয়ার ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব ট্রাস্ট রেজিস্ট্রেশন সনদ জমা দেয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করছে বিএসইসি। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকের টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড কাজ করছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশের ৫০০ কোটি টাকার পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব ট্রাস্ট রেজিস্ট্রেশন সনদ জমা দেয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করছে বিএসইসি। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে এ বন্ডের কুপনহার নির্ধারিত হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকের টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড কাজ করছে।
এক্সিম ব্যাংকের ২৫০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব ট্রাস্ট রেজিস্ট্রেশন সনদ জমা দেয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে এ বন্ডের কুপনহার নির্ধারিত হবে। প্রাইভেট প্লেসমেন্টর মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকের টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।
ট্রাস্ট ব্যাংকের ৪৫০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব ট্রাস্ট রেজিস্ট্রেশন সনদ জমা দেয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে এ বন্ডের কুপনের হার নির্ধারিত হবে। প্রাইভেট প্লেসমেন্টর মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকের টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।